Advertisement
E-Paper

জেমাইমার গুরুদক্ষিণা, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছোটবেলার কোচকে গাড়ি উপহার

বান্দ্রার এমআইজি ক্লাবে প্রশান্ত শেট্টির কাছে মেয়েকে নিয়ে গিয়েছিলেন জেমাইমার বাবা ইভান রদ্রিগেজ়। সে সময় এমআইজি ক্লাবে মেয়েদের অনুশীলনের পরিকাঠামো ছিল না। জেমাইমার প্রতিভা দেখে প্রশান্ত উদ্যোগ নিয়ে সব ব্যবস্থা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৮:৩৬
picture of cricket

জেমাইমা রদ্রিগেজ়। —ফাইল চিত্র।

ছোটবেলার কোচ প্রশান্ত শেট্টিকে গাড়ি উপহার দিলেন জেমাইমা রদ্রিগেজ়। ভারতের মহিলা ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার এ ভাবেই গুরুদক্ষিণা দিয়েছেন। ন’বছর বয়সে প্রশান্তের কাছে ক্রিকেট শেখা শুরু জেমাইমার।

বান্দ্রার এমআইজি ক্লাবে প্রশান্তের কাছে মেয়েকে নিয়ে গিয়েছিলেন জেমাইমার বাবা ইভান রদ্রিগেজ়। সে সময় এমআইজি ক্লাবের শিক্ষার্থীরা সকলে ছিল ছেলে। মেয়েদের অনুশীলনের সুযোগ এবং পরিকাঠামো ছিল না। ফলে সমস্যায় পড়েন জেমাইমা। ন’বছরের মেয়ের প্রতিভা দেখে প্রশান্তই উদ্যোগ নিয়ে সব ব্যবস্থা করেন। সেই থেকে তাঁর কাছেই খেলা শেখা শুরু জেমাইমার। এখনও কোনও সমস্যায় পড়লে প্রশান্তের পরামর্শ নেন।

প্রশান্ত এখন নিজের অ্যাকাডেমি তৈরি করেছেন। বান্দ্রাতেই তাঁর অ্যাকাডেমির নাম কল্পবৃক্ষ ক্রিকেট ক্লিনিক। মুম্বইয়ে থাকলে জেমাইমাও সেখানে অনুশীলন করেন। গত এক দিনের বিশ্বকাপের সময় থেকে জেমাইমা নতুন করে আলোচনায় উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন। এ বার কোচকে নতুন এসইউভি কিনে দিলেন জেমাইমা। ছাত্রীর কাছ থেকে উপহার পেয়ে খুশি প্রশান্ত।

ছোটবেলার কোচদের পাশে ক্রিকেটারদের দাঁড়ানোর উদাহরণ নতুন নয়। বিরাট কোহলি, আশিস নেহরা, হার্দিক পাণ্ড্য-ক্রুণাল পাণ্ড্যেরা কেউ ছোটবেলার কোচকে বাড়ি কিনে দিয়েছেন। কেউ গাড়ি। কোনও কোনও ক্রিকেটার আবার বিপদের সময় কোচ বা তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সেই তালিকায় যুক্ত হল জেমাইমার নাম।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের অন্যতম ভরসা জেমাইমা। বিশ্বকাপের আগে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত হবে হরমনপ্রীত কৌরদের প্রস্তুতি শিবির। তার আগে ছোটবেলার কোচকে গাড়ি কিনে দিলেন জেমাইমা।

Jemimah Rodrigues coach Car
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy