Advertisement
E-Paper

গরমে নরম পানীয় নয়, পেট ঠান্ডা রাখতে ঘরেই বানিয়ে নিন বিশেষ কিছু শরবত ও ডিটক্স পানীয়

গরমের দিনে পেট ঠান্ডা রাখবে। জলশূন্যতার সমস্যা দূর করবে। ঘরেই নানা রকম ফল দিয়ে বানিয়ে নিতে পারেন শরবত। বানাতে পারেন ডিটক্স পানীয়ও। রইল কিছু প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৫৯
গরমের পেট ঠান্ডা রাখবে, লিভার ভাল থাকবে, কোন কোন পানীয় খেতে পারেন?

গরমের পেট ঠান্ডা রাখবে, লিভার ভাল থাকবে, কোন কোন পানীয় খেতে পারেন? ছবি: ফ্রিপিক।

গরমে পেটের সমস্যা বাড়ে। জলশূন্যতা, বদহজম, গ্যাস বা অম্বলের সমস্যা অনেক বেড়ে যায়। এই সময়ে দোকান থেকে কেনা নরম পানীয় বা প্যাকেটজাত জুস খেলে সমস্যা আরও বাড়বে। এর থেকে পেটের রোগ যেমন বাড়তে পারে, তেমনই লিভারের অসুখের ঝুঁকিও বাড়তে পারে। তাই গরমে পেট ঠান্ডা রাখতে ও লিভার ভাল রাখতে এমন কিছু খেতে হবে যাতে ফাইবার আছে ও যা ইলেকট্রোলাইট সমৃদ্ধ। তেমনই কিছু পানীয় তৈরি করে নিতে পারেন ঘরে।

ডাবের জল ও চিয়া বীজের পানীয়

ডাবের জলে থাকা ইলেকট্রোলাইট গরমে ক্লান্তি দূর করে আর চিয়া বীজ পেট ঠান্ডা রাখে। চিয়া বীজ হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই পানীয় তৈরি করতে এক গ্লাস ডাবের জল ও এক চামচ ভেজানো চিয়া বীজ নিতে হবে। ডাবের জল গ্লাসে ঢেলে তাতে চিয়া বীজ মিশিয়ে দিন। উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে পান করুন।

ছাতুর শরবত

গরমকে মোকাবিলা করতে ছাতুর সরবতের সহজ একটি রেসিপি জেনে নিতে পারেন। রোদ থেকে ফিরে চট করে নিজেই বানিয়ে খেয়ে নিলে আরাম এবং উপকার, দুই-ই পাবেন। দেড় লিটার জল, ৪ থেকে ৫ চামচ চিনি, ৬ চামচ ছাতু এবং এক চিমটে বিটনুন নিতে হবে। একটি বড় পাত্রে দেড় লিটার জল নিয়ে তাতে ছাতু মিশিয়ে দিন। অনেক ক্ষণ ধরে গুলে নিন, যাতে দলা না থাকে। চিনি আর নুন যোগ করার পর আবার চামচ দিয়ে ভাল করে নেড়ে নিয়ে খেয়ে ফেলুন। ইচ্ছে করলে লেবুর রসও মিশিয়ে নিতে পারেন।

বেলের শরবত

একটা বেল ভেঙে নিন মাঝখান থেকে। ভিতর থেকে ফলের শাঁস বার করে আনুন। শাঁসটা ভাল করে চটকে মেখে বীজগুলো আলাদা করে নিন। তার পরে শাঁসের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে ভাল ভাবে ঘেঁটে নিন। এ বার ছেঁকে নিন সেই মিশ্রণ। ছাঁকার পরে তরল যে রস পড়ে রইল তাতে অল্প চিনি মেশান। চিনি না খেলে দরকার নেই, গুড়ও দিতে পারেন। ভাল করে নেড়ে নিয়ে ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েক। পরে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। দেওয়ার সময় এক চিমটি নুন দিয়ে ঘেঁটে নেবেন শরবতটি। চাইলে উপরে পুদিনাপাতাও ছড়িয়ে দিতে পারেন।

Summer Drinks liver diseases Acid Reflux
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy