‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি থেকেই ‘জেন জ়ি’-র মনে ধরেছে সিদ্ধার্থ মলহোত্রকে। তাঁর সুঠাম পেশিবহুল চেহারা, ফিটনেস নিয়ে রীতিমতো চর্চা হয়। তাঁর খাওয়াদাওয়ার অভ্যাসও অন্যরকম। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছিলেন, রোজ সকালে এক গ্লাস করলার রস খান তিনি। তাঁর দিন শুরু হয় করলার রস দিয়েই। এমনিতে করলা খুবই উপকারী। তবে রোজ রোজ সকালে করলার রস খাওয়া কি ভাল?
মেদ ঝরানোর পাশাপাশি ক্যানসার, ডায়াবিটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার খুবই গুরুত্ব রয়েছে। ‘বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অলটারনেটিভ মেডিসিন’-এর রিপোর্ট বলছে, নানা পুষ্টিগুণ সমৃদ্ধ করলা খুব দ্রুত ওজন কমায়, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ ও ফোলেট রয়েছে। পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ করলা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। এর ফাইবার হজমেও সহায়ক। করলায় ‘পলিপেপটাইড-পি’ নামক একটি ইনসুলিনের মতো যৌগ থাকে, যা প্রাকৃতিক উপায়ে রক্তে শর্করার মাত্রা কমায়।
কী ভাবে বানাবেন করলার জুস?
করলা ভাল করে ধুয়ে নিয়ে ছোট টুকরো করে কাটুন। তেতো খেতে খুব সমস্যা হলে ব্লেন্ডারে করলার সঙ্গে শসা দিয়ে মিশ্রণ তৈরি করুন। স্বাদ বাড়ানোর জন্য ওই মিশ্রণে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিতে পারেন।
আরও পড়ুন:
রোজ সকালে করলার রস খাওয়া কি ভাল?
করলার রস উপকারী, তবে শরীর বুঝে খেতে হবে। অতিরিক্ত বা রোজ খেতে থাকলে পেট খারাপ, হজমের সমস্যা হতে পারে।
ডায়াবিটিসের ওষুধ খেলে বা ইনসুলিন নিলে রোজ করলার রস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। না হলে রক্তে শর্করা আচমকা কমে যেতে পারে।
অন্তঃসত্ত্বা অবস্থায় করলার রস খাওয়া ঠিক নয়। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অতিরিক্ত করলার রস লিভারের উৎসেচকগুলিকে নষ্ট করে দিতে পারে। লিভার সিরোসিস বা হেপাটাইটিস হলে করলার রস না খাওয়াই ভাল।
করলায় প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যাঁদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে বা যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য অতিরিক্ত অক্সালেট পরিস্থিতি আরও খারাপ করতে পারে।