Advertisement
E-Paper

দ্রুত ওজন ঝরানোর টোটকা দিলেন হৃতিক! কী ভাবে মেদহীন চেহারা ধরে রাখেন অভিনেতা?

অন্য অভিনেতাদের মতো ঘন ঘন ছবি না করলেও ফিটনেসের সঙ্গে কখনও আপস করেন না অভিনেতা হৃতিক রোশান। বরাবরই ‘সিক্স প্যাক’ কিংবা ‘এইট প্যাক’-এর খাঁজ তাঁর শরীরে স্পষ্ট! সুঠাম শরীরের রহস্য কী?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১৩:০২
Image of Hrithik Roshan.

অভিনেতা হৃতিক রোশান। ছবি: সংগৃহীত

৪৯ বছর বয়সেও তাঁর সুঠাম শরীর দেখে ঘুম উড়ে যায় অনুরাগীদের। অন্য অভিনেতাদের মতো ঘন ঘন ছবি না করলেও ফিটনেসের সঙ্গে কখনও আপোস করেন না অভিনেতা হৃতিক রোশান। বরাবরই ‘সিক্স প্যাক’ কিংবা ‘এইট প্যাক’-এর খাঁজ তাঁর শরীরে স্পষ্ট! সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক ভাগ করে নিয়েছেন চটজলদি ওজন ঝরানোর টোটকা।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। পরনে নেই কোনও পোশাক, কড়া রোদে শরীরচর্চায় ব্যস্ত হৃতিক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘দ্রুত ওজন ঝরাতে চাইলে রোদ থেকে পাওয়া ভিটামিন ডি সবচেয়ে বেশি কার্যকর। তাই মাথার উপর রোদ কমে যাওয়ার আগেই সুযোগের সদ্ব্যবহার করে নেওয়াই ভাল।’’

দীর্ঘ আয়ু কোনও একটি বিষয়ের উপর নির্ভর করে না, এ কথা যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে, কিছু কিছু উপাদান দীর্ঘ ও সুস্থ জীবন পেতে হলে অবশ্যই প্রয়োজন। আর ভিটামিন তার মধ্যে অন্যতম। ভিটামিন শরীরের নানা উপকারে আসে। সব ভিটামিনই শরীরকে সুস্থ রাখার জন্য কমবেশি প্রয়োজনীয়। কিন্তু ভিটামিন ডি-তে রয়েছে এমন কিছু গুণ, যা হয়ে উঠতে পারে দীর্ঘ ও সুস্থ জীবনের চাবিকাঠি। হাড়ের ক্ষয় রোধ করতে, স্নায়ুর কার্যকারিতা বাড়াতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই ভিটামিনের জুড়ি নেই। তবে ওজন কমাতে কি এই ভিটামিন আদৌ কার্যকর?

চিকিৎসকদের মতে, ওজন ঝরাতে এবং পেশির কার্যকারিতা বাড়াতে ভিটামিন ডি পরোক্ষ ভাবে সাহায্য করে। কোনও গবেষণায় এখনও প্রমাণিত হয়নি যে ওজন কমানোর সঙ্গে ভিটামিন ডি-এর সরাসরি কোনও যোগ আছে। যদিও শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে ওবিসিটির ঝুঁকি বাড়ে, ওজন কমার হারও কমে যেতে পারে। তাই বেশির ভাগ পুষ্টিবিদের মতে, একটি নির্দিষ্ট ভিটামিনের উপর নজর না দিয়ে সামগ্রিক ভাবে পুষ্টিকর খাওয়াদাওয়ার উপর নজর দিতে হবে। সময় মতো খাওয়াদাওয়া ও শরীরচর্চার উপরেই বেশি নজর দিতে হবে।

Weight Loss Tips Hrithik Roshan Fitness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy