মেদ ঝরানোর কথা ভাবলেই, অনেকের চোখের সামনে ভেসে ওঠে ওজন মাপার মেশিনের ছবি। অনেকেই ভেবে বসেন ফ্যাট ঝরাতে পারলেই বুঝি ওজন মাপার যন্ত্রে বড়সড় বদল আসবে। ছোট মাপের যে জামাগুলি দেখে হাত নিশপিশ করে, সেগুলি পরতে পারবেন নির্দ্বিধায়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই শরীরের ফ্যাট গলতে শুরু করলেও তার প্রতিফলন ওজন মাপার যন্ত্রে পড়ে না। বদলে ফ্যাট গলতে শুরু করলে শরীরে এমন কিছু সূক্ষ্ম বদল আসতে শুরু করে, যেগুলি দেখে আদৌ মনে হবে না যে এর সঙ্গে মেদ ঝরার কোনও সম্পর্ক রয়েছে।
১) ধরুন কয়েক দিন ডায়েট করে আপনার ওজন খানিকটা কমেছিল, তার পর দু’-তিন সপ্তাহ আর ওজন কমছেই না। ভয়ের কারণ নেই। এই সময়ে হতাশ হয়ে ডায়েট বন্ধ করবেন না। ওজন না কমলেও এ ক্ষেত্রে শরীরের ফ্যাট ঝরছে। কয়েক দিনের মাথায় বেশ খানিকটা ওজন এক ধাক্কায় কমবে।
২) হঠাৎ করে বারে বারে খিদে পাচ্ছে। এর অর্থ হল শরীরে ক্যালোরির ঘাটতি হচ্ছে, আর শরীরের ফ্যাটও ঝরছে। সকালে উঠেই যদি প্রবল খিদে পায়, তা হলে বুঝতে হবে বিপাকক্রিয়া ঠিকঠাক কাজ করছে। কয়েক দিনেই ওজনে বড়সড় বদল চোখে পড়বে। ফ্যাট গলতে শুরু করলে হাঙ্গার হরমোনগুলি সক্রিয় হয়ে ওঠে। এ সময় কখনও কখনও অনেক বেশি খিদে পায়।
৩) স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করলে হঠাৎ যদি মঝেমধ্যেই মাথাব্যথা শুরু হয়, তা হলে বুঝতে হবে শরীরে ডিটক্স প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই উপসর্গ মেদ ঝরারও ইঙ্গিত হতে পারে।
৪) বার বার মূত্রত্যাগ হতেই পারে মেদ ঝরার ইঙ্গিত। মেদ ঝরলে শরীরের টক্সিন পদার্থগুলি শরীর থেকে মূত্র রূপে বেরিয়ে যায়।
৫) ওজনে খুব বেশি ফারাক চোখে পড়ছে না, অথচ জিনস থেকে কুর্তি, সবই ঢিলে হচ্ছে, তা হলেও বুঝতে হবে শরীরের আনাচকানাচে জমে থাকা ফ্যাট গলতে শুরু করেছে।