Advertisement
E-Paper

মোবাইল বা ল্যাপটপের দিকে কিছু ক্ষণ তাকালেই মাথাযন্ত্রণা? ওষুধে নয়, সারবে কিছু বিশেষ ব্যায়ামে

প্রতি বার মোবাইল বা ল্যাপটপের দিকে তাকানোর পরেই মাথাযন্ত্রণা হয়? এই সমস্যায় ভোগেন অনেকেই। স্নায়ুরোগ চিকিৎসকেরা বলছেন, এটি ডিজিটাল আই স্ট্রেনের লক্ষণ যা থেকে মাইগ্রেনও হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৬:৫৩
মাথাযন্ত্রণা সারাতে ওষুধ নয়, ভরসা হতে পারে কিছু ব্যায়ামই।

মাথাযন্ত্রণা সারাতে ওষুধ নয়, ভরসা হতে পারে কিছু ব্যায়ামই। ছবি: ফ্রিপিক।

দিনের একটা বড় সময় অধিকাংশেরই কাটে ডিজিটাল পর্দায় চোখ রেখে। কারও ল্যাপটপ, কারও কম্পিউটার। কারও টিভি বা মোবাইল। দীর্ঘ ক্ষণ ডিজিটাল পর্দার আলো চোখের উপর পড়লে, তা থেকে তীব্র মাথাযন্ত্রণাও হয়। স্নায়ুরোগ চিকিৎসকেরা একে বলেন ‘ডিজিটাল আই স্ট্রেন’ যা থেকে তীব্র মাইগ্রেনের যন্ত্রণাও হতে পারে।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ’-এর সমীক্ষা বলছে, ২০ থেকে ৪০ বছর বয়সিরা ডিজিটাল আই স্ট্রেনের শিকার। এর থেকেই মাথাযন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা বাড়ছে। নিয়মিত ওষুধেও যা সারে না। অনেকেরই দেখবেন, মাথার শুধু একটি পাশে ব্যথা হয়। সেই ব্যথা টানা চলতে থাকে। মাথার একটি দিকের ব্যথা মাসের পর মাস ভোগাতে পারে। ওষুধ খেয়ে বা মলম লাগিয়েও সহজে সারে না। এমন ব্যথাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ‘হেমিক্রেনিয়া কন্টিনিউয়া’। এরও কারণ মোবাইল, ল্যাপটপের মতো ডিভাইসগুলির নীল আলো। এর থেকে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে প্রদাহ শুরু হয়। এর কারণেই ব্যথা বাড়ে।

মাইগ্রেন বা মাথাব্যথার মতো সমস্যায় নিয়মিত ‘স্ট্রেস রিলিফ’ ব্যায়াম করা ভাল। ফিটনেস প্রশিক্ষকেরা বলেন, এতে মন ভাল রাখার হরমোন ক্ষরিত হয়। রোজ দিনের শুরুতে কিংবা কাজের শেষে আধ ঘণ্টার এই শারীরচর্চা শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে পারে এবং ব্যথাবেদনার উপশম ঘটায়।

কী কী ব্যায়াম করবেন?

ব্রিজ় পোজ়

প্রথমে চিত হয়ে মাটিতে শুয়ে পড়ুন। হাঁটু থেকে পা দুটো ভাঁজ করে নিন। হাত দুটো শরীরের দুই পাশে সোজা রাখুন। মাটিতে মাথা রেখে পায়ের উপর ভর দিয়ে কোমর থেকে শরীর উপরের দিকে তুলুন। এই অবস্থায় দশ গুনুন। নিয়মিত তিন সেট করুন এই অভ্যাস।

উত্তনাসন

ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। কোমর, পিঠ থাকবে টান টান। এ বার কোমর থেকে শরীর ঝুঁকিয়ে দুই হাতের তালু দিয়ে মাটি স্পর্শ করার চেষ্টা করতে হবে। তবে হাঁটু ভাঙলে হবে না। শরীরচর্চা করার অভ্যাস না থাকলে খুব বেশি ক্ষণ এই অবস্থান ধরে রাখতে পারবেন না। মোটামুটি ১০ সেকেন্ড মতো থেকে আবার প্রথম অবস্থানে ফিরে আসুন।

অধোমুখ শবাসন

এই আসনটি রোজ অভ্যাস করলে মাথার যন্ত্রণা কমে যাবে। ‘হেমিক্রেনিয়া কন্টিনিউয়া’-র ব্যথা তো বটেই, মাইগ্রেনের কারণে যন্ত্রণা হলে তা-ও সারবে। আসনটি করতে প্রথমে হামাগুড়ি দেওয়ার মতো করে বসুন। হাতের তালু মাটিতে থাকবে, পিঠ উপরের দিকে তুলতে হবে, পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। দেখতে লাগবে অনেকটা ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো। মাথা যতটা ঝোঁকাতে পারবেন, ততই ভাল। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

পশ্চিমোত্তাসন

প্রথমে চিৎ হয়ে শুয়ে দু’ হাত তুলে মাথার দু’ পাশে উপরের দিকে রাখুন। ধীরে ধীরে উঠে বসে সামনে ঝুঁকে দু’ হাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরুন। দুই পায়ের মাঝখানে কপাল ঠেকাতে হবে। এ অবস্থায় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে তিরিশ গুনুন। তার পর শুরুর অবস্থানে ফিরে যান।

Headache Digital Eye Strain Migraine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy