ঋতুস্রাবের সময়ে শুধু নয়, তার অনেক আগে থেকেই শরীরে অস্বস্তিটা শুরু হয়। খেয়াল করে দেখুন ঋতুস্রাব শুরু হওয়ার ঠিক আগের দিনগুলিতে আপনার শরীর ও মন কেমন থাকে! অস্বস্তিটা শুরু হয় ঠিক এক সপ্তাহ আগে থেকেই। ঘন ঘন মেজাজ বদল হতে থাকে। কথায় কথায় রাগ হয়। অল্পেই বিরক্ত হয়ে যান আপনজনদের উপরেই। তা ছাড়া খিদে কমে যাওয়া, বমি ভাব থাকেই। ঋতুস্রাবের দিনগুলিতে পেট ব্য়থা ও অন্যান্য শারীরিক অস্বস্তি কাটানোর জন্য অনেকেই নানাবিধ ওষুধ খান যা ক্ষতিকর। তার চেয়ে খাওয়াদাওয়ায় নজর দেওয়া জরুরি। ঋতুচক্র শুরুর আগে থেকেই কিছু খাবার খেলে কষ্ট অনেক কম হবে।
ঋতুস্রাব শুরুর এক সপ্তাহ আগে থেকে স্ত্রী হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের তারতম্য ঘটতে থাকে। সে কারণেই এমন উপসর্গ দেখা দিতে থাকে। একে বলে ‘প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম’ (পিএমএস)। এই দুই হরমোনের ওঠানামায় আরও এক ‘সুখী হরমোন’ সেরোটোনিনের মাত্রা বদলে যায়। তখন শরীর ও মনে এমন সমস্যা দেখা দিতে থাকে।
ঋতুস্রাব শুরুর আগে থেকে কী কী খাওয়া শুরু করবেন?
ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার: ডার্ক চকোলেট , কলা এবং কাজুবাদাম। ম্যাগনেশিয়াম পেশির খিঁচুনি কমায় এবং মেজাজ ফুরফুরে রাখে।
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড: আখরোট, চিয়া বীজ এবং মাছ। এতে জরায়ুর প্রদাহ কমবে, পেটের ব্য়থাও কম হবে।
ক্যালসিয়াম ও ভিটামিন-ডি: টক দই, দুধ বা পনির খেলে এর চাহিদা মিটবে। গবেষণায় দেখা গিয়েছে, ক্যালসিয়াম ‘প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম’-এর লক্ষণগুলি প্রায় ৪০ শতাংশ কমিয়ে দেয়।
কমপ্লেক্স কার্বোহাইড্রেট: ওট্স, ব্রাউন রাইস বা মিষ্টি আলু। এগুলি শরীরে সেরোটোনিন (সুখী হরমোন) হরমোনের ক্ষরণ বৃদ্ধিতে সাহায্য করে।
যন্ত্রণামুক্তির তিন পানীয়:
আদা ও গুড়ের ডিটক্স
এক কাপ জলে সামান্য আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। জল অর্ধেক হয়ে এলে নামিয়ে তাতে গুড় মিশিয়ে পান করুন। এই পানীয় তলপেটের রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমাবে।
জোয়ান চা
আধ চামচ জোয়ান এক গ্লাস জলে ফুটিয়ে নিন। সামান্য বিট নুন দিয়ে ঈষদুষ্ণ অবস্থায় খান। পেটে যন্ত্রণা হওয়ার সময়ে ওষুধের বদলে এই পানীয় খেলে উপকার হবে বেশি।
গাজরের রস
গাজরে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন থাকে। এই সব্জিতে লুটেইন ও আলফা-ক্যারোটিন থাকে যা হরমোনজনিত যে কোনও সমস্যার সমাধান করতে পারে।
মন ভাল রাখার স্মুদি:
১টি পাকা কলা, ৫টি ভেজানো কাঠবাদাম, ১ চামচ তিসির বীজ এবং ১ কাপ টক দই ব্লেন্ডারে ভাল করে পিষে মিহি মিশ্রণ তৈরি করে নিন। উপরে পুদিনা পাতা ও সামান্য সৈন্ধব লবণ ছড়িয়ে পান করুন। ঋতুস্রাবের সময়ে বমি ভাব কমাতে এই স্মুদি দারুণ কার্যকরী হতে পারে।