প্রতি দিন হাঁটার সহজ অভ্যাসই আপনার রক্তচাপ এবং হার্টের উপর কতটা প্রভাব ফেলতে পারে, তা অনেকেই সঠিক ভাবে জানেন না। কিন্তু চিকিৎসকেরা বলছেন, নিয়মিত হাঁটলে শুধু যে শরীর সক্রিয় থাকে, তা নয়। বরং ধীরে ধীরে রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর এই পরিবর্তন রাতারাতি হয় না। বরং নিয়মিত অভ্যাসের ফলেই তা চোখে পড়ে।
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারা দিনের ব্যস্ততায় শরীরকে যত বেশি সক্রিয় রাখা যাবে, ততই ভাল। কিন্তু নতুন প্রজন্মের মধ্যে বসে বসে কাজ করার প্রবণতা বেশি। সারা দিন ল্যাপটপের সামনে বসে কাজ করার ছবি গোটা বিশ্ব জুড়ে। তাতে রক্তচাপ বাড়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই তাঁদের জন্য প্রতি দিন হাঁটার অভ্যাস আরওই জরুরি হয়ে উঠেছে। শরীরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করে এই অভ্যাস। বিশেষ করে মাঝারি গতিতে নিয়মিত হাঁটলে হার্ট, রক্তনালি এবং বিপাকীয় স্বাস্থ্যের উন্নতি হয়।
রোজ হাঁটার উপকারিতা। ছবি: সংগৃহীত
প্রতি দিন হাঁটার ফলে রক্তচাপ কী ভাবে নিয়ন্ত্রণে থাকে?
১. গবেষণা বলছে, নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে সিস্টোলিক রক্তচাপ প্রায় ৫–১০ পয়েন্ট পর্যন্ত কমতে পারে। এই পরিবর্তন হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি কমানোর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাঁদের জন্য এটি একটি সহজ কিন্তু কার্যকর উপায় হতে পারে।
২. হাঁটার সময় হৃদ্যন্ত্র আরও সক্রিয় ভাবে কাজ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার কর্মক্ষমতা বাড়ে। ফলে হার্ট কম পরিশ্রমে রক্ত সঞ্চালন করতে পারে। আর এর ফলেই রক্তচাপ কম রাখতে সাহায্য করে। নিয়মিত হাঁটা এক ধরনের কার্ডিয়ো ট্রেনিং হিসেবে কাজ করে।
৩. হাঁটার ফলে রক্তনালিগুলি প্রসারিত হতে পারে এবং নমনীয়তা বজায় থাকে। এতে রক্ত চলাচল সহজ হয় এবং চাপ কম পড়ে। শক্ত ও সঙ্কুচিত রক্তনালি উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। নিয়মিত হাঁটাহাঁটি সেই ঝুঁকিই কমায়।
৪. রক্তচাপ শুধু শারীরিক নয়, মানসিক চাপের সঙ্গেও যুক্ত। নিয়মিত হাঁটলে উদ্বেগের সমস্যা কমে, মন হালকা হয় এবং শরীরে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এর ফলে কর্টিসলের মাত্রা কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৫. অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের বড় কারণগুলির একটি। হাঁটাহাঁটি করলে ক্যালোরি পোড়ে এবং ধীরে ধীরে ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপও স্বাভাবিক রাখতে সুবিধা হয়।
৬. নিয়মিত হাঁটলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে খারাপ কোলেস্টেরল কমিয়ে, ভাল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এই পরিবর্তনগুলি সরাসরি হার্টের স্বাস্থ্য এবং রক্তচাপের সঙ্গে যুক্ত।
সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি গতিতে হাঁটা বা প্রতি দিন ২০–৩০ মিনিট হাঁটার লক্ষ্য স্থির করা উচিত। তাতেই ধীরে ধীরে ফল পাওয়া যায়। এমনকি দিনে ৫০০–১০০০ পা বাড়ালেও স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। প্রতি দিনের ছোট ছোট পদক্ষেপই শেষ পর্যন্ত বড় পরিবর্তন এনে দেয়।