প্রাতরাশ, টিফিনে রুটি বা পাউরুটির সঙ্গে জ্যাম চাই-ই চাই খুদেদের। কিন্তু বাজারে যে জ্যাম পাওয়া যায়, তার বেশির ভাগই খাঁটি নয়। তা ছাড়া কেনা জ্যামে এত বেশি চিনি ব্যবহার করা হয়, যা শরীরের জন্য মোটেও ভাল নয়। তাই দোকান থেকে কেনা প্রক্রিয়াজাত জ্যামের বদলে বাড়িতেই টাটকা ফল দিয়ে জ্যাম তৈরি করে দিন খুদেকে।
মিক্সড ফ্রুট জ্যাম
১টি আপেল, ১টি পেয়ারা, ১টি গোটা কিউকি ফল, এক কাপের মতো বেদানা, কয়েকটি খেজুর এবং খানিকটা গুড় নিতে হবে। ফলগুলি মিক্সিতে দিয়ে ভাল করে পিষে নিন। মিহি করে মিশ্রণ তৈরি করতে হবে। এ বার ওই মিশ্রণ একটি পাত্রে নিয়ে গ্যাসে ঢিমে আঁচে বসিয়ে দিন। তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে খেজুর ও বেদানা দিয়ে দিন। ফলের মিশ্রণ ফুটতে শুরু করলে তাতে মেশান মুসাম্বির রস, পাতিলেবুর রস ও গুড়। ৩-৪ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন।
আপেল-দারচিনির জ্যাম
ডায়াবিটিস রোগীদের জ্যাম থাওয়াতে নিষেধ আছে। তবে আপেল ও দারচিনির জ্যাম খেলে কোনও ক্ষতি হবে না, বরং স্বাদ বদল হবে। আপেল খোসা ছাড়িয়ে জলে সেদ্ধ করে নিন। সেই জলেই ফেলে দিন এক টুকরো দারচিনি। এর পর আপেল ও দারচিনির টুকরো বেটে নিন। তা হলেই তৈরি জ্যাম।
আনারসের জ্যাম
আনারস কুড়িয়ে বা ব্লেন্ড করে নিন। কড়াইতে আনারসের মিশ্রণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। আনারসের নিজস্ব জলেই এটি তৈরি হবে। আঁচ মাঝারি রেখে অনবরত নাড়ুন যাতে নীচেটা লেগে না যায়। ঘন হয়ে আঠালো ভাব এলে এলাচ গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে নামিয়ে নিন। কাচের শিশিতে সংরক্ষণ করে রাখুন।