Advertisement
E-Paper

লম্বা সফরের পর শরীরচর্চা শুরু, জেট ল্যাগ কাটিয়ে ছন্দে ফেরার কৌশল শেখালেন অভিনেত্রী সোহা

লম্বা ছুটিয়ে কাটিয়ে আবার পুরনো রুটিনে ফেরা সহজ নয়। বিশেষত তা যদি শরীরচর্চা হয়। আলসেমি কাটিয়ে শুরুটা কী ভাবে করবেন, শিখতে পারেন সোহা আলি খানকে দেখে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫
How to reboot your body after long vacation, learn from Actress Soha Ali Khan

ছবি: সংগৃহীত।

কাজের জন্য সফর হোক বা নিছক বেড়াতে যাওয়া, লম্বা বিরতির পরে পুরনো ছন্দে ফেরা খুব সহজ ব্যাপার নয়। শরীরচর্চা থেকে কর্মজগৎ, ঘুরে আসার পরে ফের আলসেমি লাগে সবেতেই। শরীরচর্চা যাঁদের ভীষণ পছন্দেত, তাঁরাও অনেকে জিমমুখী হতে চান না। ছুটি কাটিয়ে ফেরার পরে শরীরচর্চার জন্য নিজেকে প্রস্তুত করবেন কী ভাবে, ধারণা পেতে পারেন অভিনেত্রী সোহা আলি খানের কাছেও।

সম্প্রতি জাপানে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান। ছুটি কাটিয়ে ফিরে আবার শরীরচর্চায় মন দিয়েছেন। সেই ছবি অনুরাগীদের জন্য সোশ্যাল সাইটে ভাগ করেও নিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে, ‘সার্কিট স্ট্রেংথ ট্রেনিং’ করছেন তিনি। এই ধরনের শরীরচর্চায় একাধিক ব্যায়াম বিরতিহীন ভাবে করা হয়। সারা শরীরের ব্যায়াম হয় এতে।

লম্বা ঘোরাঘুরির পরে আবার জিমমুখী হওয়া যে কঠিন, জানাচ্ছেন সোহাই। অভিনেত্রী বলেছেন, ‘‘লম্বা বিরতির পর নতুন করে শরীরচর্চা শুরু করা কঠিনতম বিষয়, তাই সার্কিট স্ট্রেংথ ট্রেনিং দিয়ে শুরু করলাম। এই ব্যায়ামে শরীরে প্রধান পেশিগুলি চনমনে হবে, জেট ল্যাগও কাটবে।’’ নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত আহারের ফলে, ৪৭ বছরের অভিনেত্রী বেশ ফিট।

তবে বেড়ানো হোক বা বিশেষ কাজ, লম্বা বিরতির পর কেউ নতুন করে শরীরচর্চা শুরু করবেন কী ভাবে? ফিটনেস প্রশিক্ষক গরিমা গয়াল এক সাক্ষাৎকারে বলছেন, ‘‘যিনি নিয়ম করে শরীরচর্চা করেন, তিনি হঠাৎ করে বেশ কিছু দিন ব্যায়াম বন্ধ রাখলে পেশি থেকে স্নায়ুর উপর তার প্রভাব পড়ে। বেড়ানো মানেই দৈনন্দিন রুটিনে ছেদ, খাওয়া থেকে ঘুম অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে লম্বা সময়ের পরে ফের শরীরচর্চা শুরু করতে হলে, শরীরকেও প্রস্তুত করতে হয়।’’

যিনি এক সময় ওজন তুলতে বা ওজন নিয়ে ব্যায়ামে অভ্যস্ত ছিলেন, তিনি যদি ২০-৩০ দিনের ছুটি কাটিয়ে ফিরেই প্রথম দিনেই সেই ব্যায়াম করতে চান, তাঁর চোট লাগতে পারে বা হাঁপিয়ে পড়তে পারেন। ফিটনেস প্রশিক্ষকেরা জানাচ্ছেন, দীর্ঘ সময় শরীরচর্চা না করলে, পেশির শক্তি, কাজ করার ক্ষমতাও কমতে থাকে।

ফিটনেস প্রশিক্ষক অনিকেত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, লম্বা সময় পরে শরীরচর্চা করতে হলে শুরুতেই কঠিন বা বেশি শ্রমের ব্যায়াম করা ঠিক নয়। বদলে শরীরচর্চার মাত্রা ধাপে ধাপে বাড়ানো দরকার। লম্বা বিরতির পরে কী ভাবে শরীরচর্চা শুরু করতে পারেন—

· শুরুতে জগিং, হালকা ব্যায়াম জরুরি। প্রথমেই দরকার ওয়ার্মআপ। যাতে শরীর, মাংসেপশির তাপমাত্রা বাড়ে। কারণ, ওয়ার্ম আপ না করে ব্যায়াম করতে গেলে কেউ পেশিতে চোট পেতে পারেন।

· প্রথম ৩-৪ দিন আধ ঘণ্টা শরীরচর্চা করে শরীরকে সওয়াতে হবে। না হলে গায়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। সে ক্ষেত্রে শরীরচর্চায় আবার ছেদ পড়বে। ধীরে ধীরে শরীরচর্চার মাত্রা বাড়াতে হবে।

· যিনি ১৬ কেজি ওজন নিয়ে ব্যায়াম করতেন, তিনি যদি লম্বা বিরতির পর তা করতে চান, সমস্যা হবে। ধীরে ধীরে ওজনের মাত্রা বৃদ্ধি করতে হবে।

· শরীরচর্চার শুরুটা করা দরকার ডায়নামিক স্ট্রেচিং দিয়ে। এতে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। পেশির সঙ্কোচন এবং প্রসারণের ফলে রক্তচলাচল ভাল হয়। শরীরচর্চার শেষ ধাপে জরুরি স্ট্যাটিক স্ট্রেচিং। এটি শরীরের তাপমাত্রা আবার আগের অবস্থায় আনতে সাহায্য করে, শরীর ঠান্ডা করে।

Soha Ali Khan Jet Lag fitness trick Home Excercise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy