সৌন্দর্য এবং ফিটনেস—উভয় জগতেই সারা তেন্ডুলকর এখন এক পরিচিত নাম। তাঁর ঝকঝকে ত্বক এবং ছিপছিপে শরীরের রহস্য নিয়ে অনুগামীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সারার ফিটনেস রুটিনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হলো তাঁর প্রিয় প্রোটিন কফি। সকাল সকাল এক কাপ প্রোটিন কফি দিয়েই দিন শুরু করেন সচিন কন্যা। এ কফিতে কেবল ক্যাফিন নয়, সঙ্গে থাকে প্রোটিন ও ফাইবার। সেটি বানাতেও হয় বিশেষ পদ্ধতিতে।
মাঝে ঘি-কফি নিয়ে খুব আলোচনা হচ্ছিল। কৃতী শ্যানন, শাহিদ কাপুর থেকে অনেক বলিউড তারকাই ঘি-কফির গুণ গাইছিলেন। সকাল সকাল এমন কফি খেলে ওজন কমে বলেও দাবি করা হয়। তবে এখন ফের আলোচনায় উঠে এসেছে প্রোটিন কফি। ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টে প্রোটিন কফি নিয়ে পোস্ট করার পরেই সেটি নিয়ে আলোচনা হচ্ছে চারদিকেই। ওজন কমাতে, ত্বক ভাল রাখতে এমন কফির জুড়ি মেলা ভার। দুধ কফি খেলে যাঁদের অম্বল হয়, তাঁদেরও প্রোটিন কফি খাওয়ারই পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।
প্রোটিন কফি কী?
এ কফি বানাতে শুধু কফি পাউডার নয়, প্রয়োজন হয় আরও অনেক কিছু। চিয়া বীজ, কোকো পাউডার, প্রোটিন পাউডার, কাঠবাদামের দুধ সব মিশিয়ে তৈরি করতে হয় এমন কফি। তা হলে বোঝাই যাচ্ছে, সেটি পুষ্টিগুণে কতটা সমৃদ্ধ। এক কাপ কফিতে একই সঙ্গে পাওয়া যাবে কফির স্বাদ, প্রোটিনের গুণ ও ফাইবারের পুষ্টি।
উপকরণ:
এক স্কুপ চকোলেট প্রোটিন পাউডার (ডার্ক চকোলেটও নেওয়া যেতে পারে)
এক চামচ কফি পাউডার
১ চামচ মিষ্টি ছাড়া কোকো পাউডার
১-২ চামচ চিয়া বীজ
আধ কাপ কাঠবাদামের দুধ
৩-৪টি বরফের টুকরো
প্রণালী
কাঠবাদামের দুধে কফি পাউডার সহ বাকি উপকরণ মিশিয়ে ভাল করে গুলে নিতে হবে। এর পর বরফ ফেলে দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা প্রোটিন কফি। চাইলে আধ কাপের মতো কালো কফি বানিয়ে নিতে পারেন আগে। তার পর বাকি উপকরণগুলি মেশাতে পারেন।
প্রোটিন কফি সকালে জলখাবারের সঙ্গে খেলে ২৫-৩০ গ্রাম প্রোটিনের চাহিদা পূরণ হবে, এমনই বলছেন পুষ্টিবিদেরা। আবার অন্য উপকারও আছে। গরুর দুধে যাঁদের অ্যালার্জি বা ওজন কমানোর জন্য দুধ কফি খেতে পারেন না, তাঁরা কাঠবাদামের দুধের প্রোটিন কফি খেতেই পারেন। এতে গ্যাস-অম্বল হওয়ার সম্ভাবনা নেই তেমন। শুধু প্রোটিন ড্রিঙ্কের চেয়ে প্রোটিন কফি আরও বেশি উপকারী। জিম করছেন যাঁরা বা ঘরেই ব্যায়াম করেন, তাঁরা শরীরচর্চার পর এক কাপ প্রোটিন কফি খেলে পেশির ক্ষয় রোধ হবে। এই কফিতে চিনি নেই, কাজেই ডায়াবিটিসের রোগীদের জন্যও নিরাপদ।
সারা দীর্ঘ সময়ে পিসিওএসে ভুগেছেন। তাই খাওয়াদাওয়ায় যথেষ্ট নিয়ম মানতে হয় তাঁকে। জানিয়েছেন, হরমোনের সমস্যা যাঁদের আছে বা পিসিওএসে ভোগেন, তাঁদের জন্যও উপকারী প্রোটিন কফি। এটি খেলে শরীরে প্রোটিন ও ফাইবারের চাহিদা পূরণ হবে। তাতে হরমোনের ভারসাম্যও ঠিক থাকবে।