Advertisement
E-Paper

পায়ের গড়ন সুন্দর হবে, মেদ ঝরবে পেট-নিতম্বের, অভ্যাস করতে পারেন পিলাটেজ়ের তিন পদ্ধতি

পিলাটেজ় কোনও ভারী ব্যায়াম নয়। এতে ওজন তোলারও প্রয়োজন হয় না। বয়স্করাও করতে পারেন এই ব্যায়াম। নিয়মিত অভ্যাসে শরীরের গড়ন সুন্দর হবে। জোর বাড়বে পায়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:৪২
পেট-কোমর, পা ও নিতম্বের মেদ ঝরবে খুব তাড়াতাড়ি, শিখে নিন পিলাটেজ়ের সহজ কিছু পদ্ধতি।

পেট-কোমর, পা ও নিতম্বের মেদ ঝরবে খুব তাড়াতাড়ি, শিখে নিন পিলাটেজ়ের সহজ কিছু পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

শরীর ফিট রাখাই শুধু নয়, পেশির জোর বৃদ্ধি করাও জরুরি। পিলাটেজ় শরীরচর্চার এমন এক পদ্ধতি, যা যন্ত্রপাতি ছাড়াই করা যায়। এই ব্যায়ামে কার্ডিয়ো, স্ট্রেংথ ট্রেনিংয়ের মতোই উপকার পাওয়া যায়, আবার যোগাসনের মতো নানা ভাবে শরীরের স্ট্রেচিংও হয়।

পিলাটেজ়ের পদ্ধতি সহজ। তা বাড়িতেই করা যায়। সে কারণে ব্যায়ামে এ ধরন পছন্দ করছেন অনেকেই। বলিউডের অনেক তারকাই পিলাটেজ় করার ছবি তাঁদের ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করেন মাঝেমধ্যেই। ওজন কমাতে, পেশির জোর বৃদ্ধিতে, ব্যথা-বেদনা সারাতে পিলাটেজ় এখন অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। ফিটনেস প্রশিক্ষকেরা বলেন, স্লিপ ডিস্ক, ফ্রোজ়েন শোল্ডার, স্পন্ডিলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগের ব্যথাবেদনা সারাতেও পিলাটেজ় কার্যকরী। মনও ভাল থাকে এই ব্যায়াম করলে।

পিলাটেজ়ের সহ কিছু পদ্ধতি

স্পাইনাল টুইস্ট

শরীরের প্রতিটি পেশির জোর বৃদ্ধিতে এই ব্যায়ামটি খুব উপকারী। চেয়ারে বসে দুই হাত বুকের উপর আড়াআড়ি ভাবে রাখুন। এ বার কোমর স্থির রেখে শরীরের উপরের অংশ (বুক ও কাঁধ) ধীরে ধীরে ডান দিকে ঘোরান। কিছু ক্ষণ স্থির থেকে আবার আগের অবস্থায় ফিরে আসুন। একই ভাবে শরীর আবার বাঁ দিকে মোচড় দিন। খেয়াল রাখতে হবে, ব্যায়াম করার সময়ে ঘাড় ঘোরাবেন না, শুধু বুক ও কাঁধ একবার ডান দিকে ও আবার বাঁ দিকে ঘুরবে। ৫-১০ বার ব্যায়ামটি করতে হবে।

পেলভিক ব্রিজ

মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। আপনার দু'টি পা বলের উপর রাখুন। দুই হাত শরীরের দুই পাশে সমান্তরাল ভাবে রাখুন। ধীরে ধীরে কোমর ও নিতম্ব উপরের দিকে তুলুন, যাতে শরীর একটি সোজা রেখায় থাকে। ১০-২০ সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থানে ফিরে যান।

ক্রিস-ক্রস

পেট-কোমরের চর্বি কমাতে ও কাফ মাসলের জোর বৃদ্ধিতে এই ব্যায়ামটি উপযোগী। চিত হয়ে শুয়ে দুই হাত মাথার পিছনে রাখুন। এ বার সাইকেল চালানোর মতো করে এক পা ভাঁজ করে বুকের কাছে আনুন এবং উল্টো দিকের কনুই দিয়ে সেই পায়ের হাঁটু ছোঁয়ার চেষ্টা করুন। একই ভাবে অন্য পায়েও করুন। এই ব্যায়ামে ঊরু ও নিতম্বের পেশির মেদও কমবে।

Pilates Fitness Tips Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy