Advertisement
E-Paper

বিশ্বকাপে ইতিহাস, নতুন নিয়ম দেখা গেল কানাডার ম্যাচে, নিয়ম ভেঙে শাস্তি পেলেন বসনিয়ার অধিনায়ক

ফুটবল বিশ্বকাপে একাধিক নতুন নিয়মের সঙ্গে ফুটবলারেরা এখনও সড়গড় হতে পারেননি। একটি নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন বসনিয়ার অধিনায়ক সিড কোলাসিনাচ। সুবিধা পেয়েছে বিপক্ষ দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৯:৩৩
football

বসনিয়ার অধিনায়ক সিড কোলাসিনাচ। ছবি: সমাজমাধ্যম।

এ বারের ফুটবল বিশ্বকাপে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে। তবে ফুটবলারেরা অনেকে যে এখনও সেই নিয়মের সঙ্গে সড়গড় হতে পারেননি তা বোঝা গিয়েছে কানাডা বনাম বসনিয়া ম্যাচে। একটি নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন বসনিয়ার অধিনায়ক সিড কোলাসিনাচ। সুবিধা পেয়েছে বিপক্ষ দল।

ফিফা নিয়ম করেছে, গোলকিক এবং থ্রো-ইন পাঁচ সেকেন্ডের মধ্যে নিতে হবে। না হলে সেটি দিয়ে দেওয়া হবে বিপক্ষকে। ফুটবলে সময় নষ্ট আটকাতেই এই নিয়ম আনা হয়েছে। শুক্রবার রাতে কোলাসিনাচ সেই অপরাধই করেছিলেন। দ্বিতীয়ার্ধে তিনি বল নিয়ে থ্রো করতে অনেকটা সময় নিচ্ছিলেন।

কানাডার ফুটবলারেরাই তখন রেফারিকে সময় নষ্টের অভিযোগ করেন। রেফারি ফাকুন্দো তেলোও তা মেনে নেন। সেই থ্রো-ইন দেওয়া হয় কানাডাকে। সমর্থকেরা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, কিছু ফুটবলার যে ভাবে সময় নষ্ট করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তাঁদের জন্য এই আইন দরকার ছিল।

আরও কিছু নিয়ম এসেছে। যেমন খেলোয়াড় পরিবর্তনের সময় যে খেলোয়াড়কে তুলে নেওয়া হচ্ছে তাঁকে দশ সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়ে বেরোতে হবে। দরকারে ডাগআউটের দিকে না এসে যে কোনও দিক দিয়ে তিনি বেরিয়ে যেতে পারেন। না হলে পরিবর্ত ফুটবলারকে এক মিনিট পর মাঠে ঢুকতে দেওয়া হবে। এ ছাড়া, মাঠে দশ সেকেন্ডের বেশি চিকিৎসা করতে দেওয়া হবে না। আঘাত গুরুতর হলে মাঠের বাইরে যেতেই হবে ওই ফুটবলারকে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Bosnia Rule fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy