বলিউডি ‘আইটেম ডান্সে’ বরাবরই নিজের সেরাটা দিয়েছেন তমন্না ভাটিয়া। ‘স্ত্রী ২’-ছবিতে ‘আজ কি রাত’ কিংবা ‘গফুর’-এ অভিনেত্রীর শরীরী হিল্লোল মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর এমন ছিপছিপে চেহারা কী ভাবে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ফিটনেস কোচ সিদ্ধার্থ সিংহের পরামর্শেই দীর্ঘ সময় ধরে শরীরচর্চা করেছেন বলিউড অভিনেত্রী। সিদ্ধার্থ মাঝেমধ্যেই সমাজমাধ্যমে শরীরচর্চার ভাল-মন্দ নিয়ে পরামর্শ দেন। তিনি বলছেন, শরীরচর্চা করতে যাওয়ার আগে কোন খাবার বাদ দেওয়া উচিত।
আরও পড়ুন:
ফ্যাট: উচ্চ ফ্যাট যুক্ত খাবার, তার মধ্যে যেমন ভাজাভুজি থাকতে পারে, তেমনই পিৎজ়া, বার্গারের মতো খাবারও থাকতে পারে। এই ধরনের খাবার খেয়ে শরীরচর্চা একেবারেই অনুচিত। কারণ, উচ্চ ফ্যাটযুক্ত খাবার হজম করতে সময় বেশি লাগে। খাবার পরিপাক না হলে পেট ভার হয়ে থাকবে। স্বাভাবিক ভাবেই পেটে অস্বস্তি নিয়ে শরীরচর্চা করা কঠিন হবে। এমনকি পেট চেপে ব্যায়াম করতে গেলে খাবার উপরের দিকে উঠেও আসতে পারে।
উচ্চ ফাইবার যুক্ত খাবার: ফাইবার জাতীয় খাবার খাওয়া ভাল। তবে অনেকটা ফাইবার রয়েছে, এমন খাবার খেয়েই জিমে ছুটলে, তার ফল ভাল না-ও হতে পারে। ফাইবার জাতীয় খাবার হজম হতে একটু সময় লাগে। খাবার ধীরে ধীরে পরিপাক হয়। এই অবস্থায় শারীরিক কসরত করতে গেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।
চিনি জাতীয় খাবার: কেক, পেস্ট্রি, মকটেল, আইসক্রিমের মতো খাবার খেয়েও শরীরচর্চা করা ঠিক নয়। কারণ, অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়ার পরে বেশি কায়িক শ্রমের ব্যায়াম করলে, আচমকা বমি ভাব হতে পারে, শরীর অবসন্নও লাগতে পারে।
সিদ্ধার্থের পরামর্শ, শরীরচর্চার আগে কম ফ্যাট, ফাইবার যুক্ত খাবার খাওয়া উচিত। খেতে হবে পরিমিত পরিমাণে। পেট যেন হালকা থাকে। একটা ডিমসেদ্ধ, কয়েকটি বাদাম বা খেজুর, এই ধরনের খাবার রাখা যেতে পারে।