Advertisement
E-Paper

সকালের জলখাবারে প্রোটিন মানে রোজ মাংস-ডিম নয়, দোসা খেয়ে দেখুন, রইল স্বাস্থ্যকর ৫ রেসিপি

স্বাদ হবে, স্বাস্থ্যও বজায় থাকবে, এমন জলখাবার চাইলে দোসা খাওয়া যেতে পারে। এখন অনেকেই বলেন, জলখাবারে প্রোটিন বেশি খেলে স্বাস্থ্য ভাল থাকবে, ওজনও কমবে। রোজ মাংস বা ডিম খাওয়ার বদলে দোসা খেয়ে দেখতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৭:৪৮
Try these High-Protein Dosa recipes for healthy breakfast

হাই-প্রোটিন দোসার কিছু রেসিপি রইল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সকালের জলখাবারে প্রোটিন বেশি খেলে দিনভর অফুরন্ত শক্তি পাওয়া যায়, ক্যালোরিও গায়ে লাগে না। এমনটা বলেন অনেক পুষ্টিবিদই। আর প্রোটিন বলতে মাছ, মাংস বা ডিমের কথাই প্রথমে মনে আসে। জলখাবারে প্রোটিন রাখতে গিয়ে রোজ সকালে দুই থেকে চারটে ডিম খেয়ে ফেলা বা প্রতি দিন চিকেন সেদ্ধ বা চিকেন স্যান্ডউইচ খাওয়াও কাজের কথা নয়। আবার যদি কেউ নিরামিষ পছন্দ করেন, তা হলে সকালে কী কী খাবেন, সে নিয়েও ভাবনাচিন্তা করেন। এখন প্রোটিন ডায়েটের খুব নাম হয়েছে। এতে আবার সকালে ২০-৩০ গ্রাম প্রোটিন খাওয়ার কথা বলা হয়। তবে ওই ভাবে মেপে তো সব সময়ে খাওয়া যায় না। তাই এমন কিছু খেতে হবে যাতে প্রোটিনের চাহিদা মেটে। সে ক্ষেত্রে দোসা খাওয়া যেতে পারে। শুধু চাল বা ডাল বেটে নয়, দোসার আরও অনেক রকম রেসিপিই হয়।

ওট্‌সের দোসা

ওজন কমাতে খুবই উপকারী ওট্‌সের দোসা। ১ কাপ গুঁড়ো করা ওট্‌স, আধ কাপ চালের গুঁড়ো, আধ কাপ টক দই নিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। এতে আদাবাটা, লঙ্কাকুচি মেশান। এ বার নন-স্টিক তাওয়ায় দোসার মতোই দু’পিঠ লালচে করে ভেজে নিন।

রাগির দোসা

রাগি ক্যালশিয়াম ও প্রোটিনের ভাল উৎস। এই দোসা বানাতে লাগবে ১ কাপ রাগির আটা, আধ কাপ চালের গুঁড়ো, আধ কাপ টক দই, পেঁয়াজ কুচি এবং কারিপাতা। সব উপকরণ মিশিয়ে পাতলা করে ব্যাটার বানিয়ে নিন। এতে নুন ও পেঁয়াজ কুচি দিন। তাওয়া খুব গরম করে এই ব্যাটারটি ছড়িয়ে দিন। এটি সাধারণ দোসার চেয়ে একটু বেশি সময় নিয়ে ভাজতে হয়।

সয়াবিনের দোসা

সয়াবিন প্রোটিনে ভরপুর। প্রোটিন ডায়েট যাঁরা করছেন, তাঁরা জলখাবারে সয়াবিনের দোসা তৈরি করতে পারেন। এক কাপের মতো সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এ বার আদা ও কাঁচালঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন। এর সঙ্গে চালের গুঁড়ো, টক দই ও সামান্য জল মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ১৫ মিনিট রেখে তাওয়ায় ভেজে নিন।

কাবুলি ছোলার দোসা

কাবুলি ছোলা, চাল এবং মেথি আলাদা ভাবে অন্তত ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভেজানো উপকরণগুলি জল ঝরিয়ে আদা ও কাঁচালঙ্কা দিয়ে খুব মিহি করে বেটে নিন। স্বাদমতো নুন মিশিয়ে ব্যাটার তৈরি করে রাখুন। তার পর মিশ্রণটি ৪-৫ ঘণ্টা ঢেকে রাখুন। নন-স্টিক তাওয়া গরম করে তাতে সামান্য তেল বা ঘি দিয়ে ওই ব্যাটার থেকে এক হাতা করে নিয়ে পাতলা করে তাওয়ায় ছড়িয়ে দিন। দুই পিঠ মুচমুচে করে ভাজুন।

ছোলার ডাল ও পনিরে দোসা

ডাল ও পনির দুইই প্রোটিনে ভরপুর। এই দোসা খেতেও ভাল হয় এবং স্বাস্থ্যকরও। এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রাখুন। এর পর আদা ও কাঁচালঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন। দোসাটি তাওয়ায় ছড়িয়ে উপর থেকে ছোট ছোট টুকরো করে কাটা পনির ও গোলমরিচ ছড়িয়ে দিন। তার পর মুড়ে নিয়ে দু’পিঠ ভেজে নিন।

healthy food Dosa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy