Advertisement
E-Paper

হাঁপানির টান, বুকে-পিঠে ব্যথার নিরাময় হবে ‘স্ফিংস’ ভঙ্গিমায়, যোগের এক সহজ পদ্ধতি রইল

সালম্ব ভুজঙ্গাসন বা ‘স্ফিংস’ ভঙ্গি যোগাসনের বহু প্রাচীন পদ্ধতি। এর উপকারিতা অনেক। গলাব্যথা, হাঁপানি বা সিওপিডি— শ্বাসযন্ত্রের যে কোনও জটিল সমস্যাই থাকুক না কেন, এই আসন করলে তার কষ্ট থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৮:৫৬
সালম্ব ভুজঙ্গাসন করলে অনেক রোগের নিরাময় হবে।

সালম্ব ভুজঙ্গাসন করলে অনেক রোগের নিরাময় হবে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

যোগাসনের অনেক ধরনই আছে। তার মধ্যে এমন একটি আসন আছে, যার পদ্ধতি খুব একটা কঠিন নয়। অথচ এর উপকারিতা অনেক। গলাব্যথা, হাঁপানি বা সিওপিডি— শ্বাসযন্ত্রের যে কোনও জটিল সমস্যাই থাকুন না কেন, এই আসন করলে তার কষ্ট থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। পাশাপাশি, শরীরের পেশিগুলিও সক্রিয় হয়। এর নাম 'সালম্ব ভুজঙ্গাসন'। যোগাসন প্রশিক্ষকেরা বলেন, ‘স্ফিংস পোজ়’।

কী ভাবে করবেন?

১) ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। পেট ও কপাল মাটিতে ঠেকে থাকবে। পা সোজা থাকবে।

২) শ্বাস নিতে নিতে বুকে ভর দিয়ে মাথা ও কাঁধ উপরের দিকে তুলুন। পিঠের দিক ঈষৎ বাঁকাতে হবে।

৩) মাথা সোজাসুজি তুলে রেখে সামনের দিকে তাকাতে হবে। এই অবস্থায় বুকে ও কোমরে টান অনুভব করবেন।

৪) এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থেকে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাটিতে রেখে শুরুর অবস্থানে ফিরে আসুন।

৫) ৫-৭ সেটে আসনটি অভ্যাস করতে হবে।

উপকারিতা:

গলায় প্রচণ্ড ব্যথা, শুকনো কাশি থাকলে এই আসন নিয়মিত অভ্যাস করলে আরাম হবে।

হাঁপানির সমস্যা থাকলে এই আসন করা যেতে পারে। যাঁদের সিওপিডি আছে, তাঁরা প্রশিক্ষকের পরামর্শ নিয়ে অভ্যাস করতে পারেন।

গোটা শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। বিশেষ করে মুখের পেশিগুলি টান টান হয়। নিয়মিত অভ্যাস করলে চট করে বয়সের ছাপ পড়বে না মুখে।

পিঠ ও কোমরের ব্যথা খুব ভোগালে আসনটি অভ্যাস করতে পারেন। এই আসন পেশির শক্তি বৃদ্ধি করবে।

মানসিক চাপ, উদ্বেগও কমবে এই আসন অভ্যাস করলে।

কারা করবেন না?

হাঁটুতে কোনও আঘাত থাকলে বা আর্থ্রাইটিসের ব্যথা ভোগালে আসনটি করা যাবে না।

মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি না করাই ভাল।

স্লিপ ডিস্ক থাকলে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া আসনটি করবেন না।

Yoga poses Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy