জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দশাভোগকাল। প্রথমেই জানা দরকার যে দশাভোগকাল কী? জ্যোতিষশাস্ত্রের প্রধান হল ন’টি গ্রহ এবং ২৭টি নক্ষত্র। প্রত্যেক গ্রহের ৩টি করে নক্ষত্র। জন্মনক্ষত্র অনুযায়ী শুরু হয় মহাদশা। অর্থাৎ, যে গ্রহের নক্ষত্রে জন্ম, সেই গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে চক্রাকারে আয়ু অনুযায়ী পরবর্তী গ্রহদের মহাদশা ভোগ করতে হয়। ন’টি গ্রহের মহাদশা কাল মোট ১২০ বছর। জ্যোতিষশাস্ত্রের দশা বিষয়টি এখানেই শেষ নয়। প্রত্যেক গ্রহের মহাদশায় ভোগ করতে হয় ন’টি গ্রহের অন্তঃদশা। প্রত্যেক গ্রহের অন্তঃদশায় ভোগ করতে হয় ন’টি গ্রহের প্রত্যন্তদশা। আর সূক্ষ বিচারের ক্ষেত্রে সূক্ষদশা, প্রাণদশা ইত্যাদি বিচার করতে হয়।
আরও পড়ুন:
সাধারণ মানুষের ধারণা, শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র গ্রহের দশা মানেই সব শুভ হবে। আর অশুভ গ্রহ, যেমন- শনি, রাহু, মঙ্গল গ্রহের দশা মানেই ভয়ঙ্কর এবং সব কিছু অশুভ ঘটবে। বিশেষত শনি এবং রাহুর দশা শুরু হলেই মানুষ বিশেষ আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টা মোটেই তেমন নয়। শুভ গ্রহের দশা, অন্তঃদশায় যেমন অশুভ ঘটনা ঘটতে পারে এবং দশাকাল কষ্টকর হতে পারে, তেমনই অশুভ গ্রহের দশা, অন্তঃদশায় শুভ ঘটনা ঘটতে পারে এবং সুখ আসতে পারে।
কোনও গ্রহের দশাকাল এবং অন্তঃদশা কাল এবং প্রত্যন্ত দশাকাল কেমন কাটবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যেমন- ব্যক্তির রাশি বা লগ্ন কী, দশা বা অন্তঃদশা বা প্রত্যন্তদশা গ্রহ কোন স্থানের অধিপতি, লগ্নপতির সঙ্গে দশাপতি গ্রহের সম্পর্ক কেমন, দশাপতি গ্রহের অবস্থান এবং কতটা বলশালী ইত্যাদি।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন মকর রাশির ব্যক্তির বৃহস্পতির মহাদশা কাল কেমন কাটবে? বৃহস্পতি মকর রাশির তৃতীয় এবং দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ। সাধারণত তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতি গ্রহের দশাকাল খুব শুভ বলা যায় না। তবে কি মকর জাতক-জাতিকাদের বৃহস্পতির মহাদশার ১৬ বছর খুবই খারাপ যাবে? না। বৃহস্পতির মহাদশা কালে ন’টি গ্রহের অন্তঃদশা চলবে। মকর রাশির জাতক-জাতিকারা শুভ গ্রহের অন্তঃদশা কালে অবশ্যই ভাল ফল পাবেন। তবে নির্দিষ্ট গ্রহ কতটা বলশালী তার উপর অনেকটাই নির্ভর করবে। এ বিষয়ে একটি কথা বলা খুবই জরুরি। জীবনধারার উপর ফলপ্রাপ্তি অনেকটা নির্ভরশীল। তাই জীবনধারায় সুপরিবর্তন আনুন। অকারণে ভয় না পেয়ে বেগতিক বুঝলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।