পার্স বা মানিব্যাগ হল আমাদের ভ্রাম্যমাণ ধনভান্ডার। ইতিবাচক শক্তির আধার। এটি সব সময় আমাদের সঙ্গেই থাকে, তাই এর ইতিবাচক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায়, প্রচুর উপার্জন করার পরও সঞ্চয় সে ভাবে হচ্ছে না বা ভীষণ অর্থকষ্টে ভুগছেন। আসল সমস্যা হয়তো লুকিয়ে আছে আপনার মানিব্যাগ বা পার্সেই।
বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে, মানিব্যাগে নির্দিষ্ট কিছু জিনিস রাখা আপনার জীবনে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে। অর্থভাগ্য ধরে রাখতে এবং অভাব দূর করতে এই ৫টি জিনিস রাখতে পারেন।
আরও পড়ুন:
১. লাল রঙের কাগজ
একটি ছোট লাল কাগজে আপনার একটি বিশেষ ইচ্ছার কথা লিখে সেটি ভাঁজ করে মানিব্যাগের এক কোণে রেখে দিন। লাল রং শক্তির প্রতীক এবং এটির ইতিবাচক ফলাফল অর্থ বা সম্পদকে আকর্ষণ করতে সাহায্য করে বলে মনে করা হয়।
২. অখণ্ড চাল (আতপ চাল)
২১টি নিখুঁত ও অখণ্ড চালের দানা একটি ছোট কাগজে মুড়ে মানিব্যাগে রাখুন। হিন্দুশাস্ত্র মতে, চাল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এটি রাখলে অহেতুক খরচ কমে এবং অর্থের জোগান বৃদ্ধি পায়।
৩. অশ্বত্থপাতা
একটি পরিষ্কার অশ্বত্থ পাতা গঙ্গাজল দিয়ে ধুয়ে তাতে সামান্য সিঁদুর দিয়ে ‘শ্রী’ লিখে মানিব্যাগে রাখুন। পাতাটি শুকিয়ে গেলে আবার নতুন পাতা দিয়ে বদলে নিন। এটি শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করা হয়।
৪. সোমবার মানিব্যাগে একটি ছোট বর্গাকার রুপোর টুকরো রাখতে পারেন। এই রজত ধাতুটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে। এ ছাড়াও বুধবার নিজের পার্সে দু’টি সবুজ এলাচ রাখুন। ব্যবসা, লেনদেন এবং সম্পত্তি আকর্ষণের জন্য শুভ বলে মনে করা হয়।
৫. বড়দের আশীর্বাদী নোট
আপনার গুরুজন বা বাবা-মায়ের দেওয়া আশীর্বাদী কোনও নোট (যাতে তাঁদের হাতের স্পর্শ রয়েছে) সব সময় মানিব্যাগে যত্ন করে রাখুন। এটি আপনার রক্ষাকবচ হিসাবে কাজ করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে।