বাড়িঘর সাজাতে সকলেই ভালবাসেন। ফেং শুই মতে, এমন কিছু নির্দিষ্ট জিনিস রয়েছে যেগুলি নির্দিষ্ট দিক মেনে ঘরের ভিতর সাজিয়ে রাখলে নান্দনিক শোভা বৃদ্ধির পাশাপাশি সংসারে সুখ-শান্তি বজায় থাকে। ফেং শুইয়ের সেই সামগ্রীগুলি নিয়ম মেনে রাখলে তা ঘরের ভিতর ইতিবাচক শক্তিও আকর্ষণ করে। জেনে নিন, অন্দরমহলে কোন দিকে, কোন জিনিস রাখতে হবে—
ফেং শুই কচ্ছপ
ফেং শুই অনুসারে, কচ্ছপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীক। বিশ্বাস করা হয়, ঘরের ভিতর ধাতব কচ্ছপ রাখলে তা আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে। একটি কাচ বা ধাতুর পাত্র জল দিয়ে পূর্ণ করে তার মধ্যে ধাতব কচ্ছপটি স্থাপন করুন। তার পর সেই পাত্রটিকে ঘরের উত্তর দিকে রেখে দিন।
চিনা মুদ্রা
চিনা মুদ্রাকে সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়। বাড়ির মূল প্রবেশদ্বারে চিনা মুদ্রা ঝুলিয়ে রাখলে তা সৌভাগ্যকে আকর্ষণ করে। তিনটি পুরনো চিনা মুদ্রাকে একটি লাল সুতো দিয়ে একসঙ্গে বেঁধে দরজার হাতলে ঝুলিয়ে দিতে পারেন।
আরও পড়ুন:
জোড়া ড্রাগন
ফেং শুই অনুযায়ী, ড্রাগনকে শক্তি এবং সাহসের প্রতীক হিসাবে মনে করা হয়। তাদের নখরের মাঝে ধারণ করা মুক্তোগুলিকে শক্তির মূল উৎস হিসাবে বিবেচনা করা হয়। ঘরের যে কোনও দিকেই এক জোড়া ড্রাগন স্থাপন করা যেতে পারে। তবে, ঘরের পূর্ব দিকে রাখলে সবচেয়ে শুভ হয়।
তিনপেয়ে ব্যাঙ
তিন পা বিশিষ্ট ব্যাঙ ফেং শুই মতে সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ। বিশেষত, যে ব্যাঙের মুখে একটি মুদ্রা ধরা থাকে, তা ধনসম্পদ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। মুদ্রা ধরে রাখা তিনপেয়ে ব্যাঙ বাড়ির মূল প্রবেশপথের কাছাকাছি কোনও জায়গায় ভিতরের দিকে মুখ করে রাখা যেতে পারে। তবে, তিনপেয়ে ব্যাঙটি রান্নাঘর বা বাথরুমে রাখা হলে তার ফলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে।
আরও পড়ুন:
ক্রিস্টাল বা স্ফটিকের গোলক
ঘরের জানলায় বা বসার ঘরে ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখলে তা ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং চারদিকে ইতিবাচকতা ছড়িয়ে দেয়। বিশেষ করে তা শিক্ষা এবং পেশাজীবনের ক্ষেত্রে ভাল ফল দেয়।
অন্দরমহলে ঝরনা বা জলের উৎস
বহমান জল সম্পদ এবং প্রবাহের প্রতীক। বসার ঘরে একটি ছোট কৃত্রিম ঝরনা রাখলে অর্থের প্রবাহ বাড়ে। তবে, শোয়ার ঘরে কখনও এই ধরনের কোনও বস্তু রাখবেন না। তাতে হিতে বিপরীত হয়।
উইন্ড চাইমস
বাতাসের ধাক্কায় উইন্ড চাইমসে মিষ্টি সুর তৈরি হয়, যা ঘরের অশুভ শক্তিকে নষ্ট করে দেয়। ধাতুর তৈরি উইন্ড চাইমস ঘরের উত্তর বা পশ্চিম দিকে ঝোলাতে হয়। এবং কাঠের তৈরি উইন্ড চাইমস পূর্ব বা দক্ষিণ দিকে ঝোলানো শুভ।
লাফিং বুদ্ধ
সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে লাফিং বুদ্ধের মূর্তিকে গণ্য করা হয়। বাড়ির প্রবেশদ্বারের মুখোমুখি লাফিং বুদ্ধের মূর্তি স্থাপন করতে পারেন। তবে, সরাসরি মেঝের উপর রাখবেন না। বাথরুমে লাফিং বুদ্ধের কোনও মূর্তি রাখলে তা অশুভ ইঙ্গিত বয়ে আনে।
ফেং শুই অনুযায়ী, নোংরা বা অগোছালো ঘরে ইতিবাচক শক্তি থাকতে পারে না। তাই ঘর সব সময় পরিষ্কার রাখুন। বাড়িতে শুকিয়ে যাওয়া গাছ রাখা উচিত নয়। তা অশুভ শক্তি বহন করে। কোনও ভাঙা আয়না, ঘড়ি অথবা অকেজো বৈদ্যুতিন সামগ্রী রাখবেন না। এই জিনিসগুলি উন্নতির পথে বাধা তৈরি করে।