কোনও মানুষ যতই স্বাধীনচেতা হোক না কেন, জীবনের কোনও না কোনও পর্যায়ে গিয়ে তাঁকে অপরের অনুমতির জন্য অপেক্ষা করতেই হয়। বেশির ভাগ ক্ষেত্রে তেমনটাই হতে দেখা যায়। কারণ, আমরা নিজেদের সর্বেসর্বা মনে করি বলেই যে অপর ব্যক্তি সেটা মেনে চলবেন তা হয় না। বিশেষ করে, কর্মক্ষেত্রে স্বেচ্ছায় কোনও কাজ করা যায় না। সে ক্ষেত্রে উচ্চপদে যাঁরা রয়েছেন, তাঁরা কী বলছেন সেটা জানা জরুরি। সম্পর্কক্ষেত্রেও সঙ্গীর মতামত ছাড়া কিছু করে বসলে পোহাতে হয় নানা ঝামেলা। কিন্তু কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যাঁরা অপরের মতামতের অপেক্ষা করেন না। এঁরা নিজেরা যেটা এক বার ভাবেন, সেটাই করে বসেন। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।
আরও পড়ুন:
কোন রাশির ব্যক্তিরা অপরের অনুমতির জন্য অপেক্ষা করেন না?
মেষ: মাথায় যদি এক বার কোনও ভাবনা আসে, সেটাকে বাস্তবায়িত না করা পর্যন্ত থামেন না মেষ জাতক-জাতিকারা। এঁরা যা ভাবেন, তা-ই করেন। জীবনের যে কোনও ক্ষেত্রে মেষ জাতক-জাতিকারা এই মনোভাব সঙ্গে নিয়ে চলেন। কর্মক্ষেত্রে সেই কারণে এঁরা নানা সমস্যাতেও পড়েন। তা সত্ত্বেও অপরের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ এঁদের মধ্যে দেখা যায় না।
সিংহ: সিংহ জাতক-জাতিকারা সর্বদা সকলের থেকে আলাদা ভাবে চলতে চান। কাজের ক্ষেত্রেও তাঁরা সেই মনোভাবই বজায় রেখে চলেন। অপরের থেকে অনুমতি নেওয়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। এঁরা যেটা ঠিক বলে মনে করেন, সেটাই করে থাকেন। তাতে অপরের অসুবিধা থাকলেও এঁরা গুরুত্ব দেন না। সিংহ জাতক-জাতিকাদের দম্ভ এঁদের অপরের কথা কানে তুলতে বাধা দেয়।
আরও পড়ুন:
বৃশ্চিক: নিজেদের বিচারবুদ্ধির উপর বৃশ্চিক জাতক-জাতিকাদের প্রবল আস্থা রয়েছে। এঁরা যে কোনও পদক্ষেপ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করে থাকেন। তাই অপরের অনুমতি গ্রহণের প্রয়োজন বোধ করেন না। সেই কারণে যে এঁদের সমস্যায় পড়তে হয় না তা নয়। তবে দুর্দান্ত বাচনক্ষমতা এবং সমস্যা সামলানোর কায়দা জানা থাকায় এঁরা বেঁচে বেরিয়েও আসতে পারেন।
ধনু: স্বাধীনচেতা ধনু জাতক-জাতিকাদের কোনও নিয়মের বেড়াজালে বেঁধে রাখা যায় না। এঁদের নিজেদের যেটা মনে হয়, সেটাই করেন। অনুমতি গ্রহণের প্রয়োজনীয়তা এঁদের মধ্যে অল্প বয়স থেকেই দেখা যায় না। তার জন্য প্রচুর লোকের কাছে নানা কথা শুনতে হয় এই রাশির জাতক-জাতিকাদের। কিন্তু ধনু জাতক-জাতিকারা তা-ও এই স্বভাবে কোনও পরিবর্তন আনতে পারেন না।
আরও পড়ুন:
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরাও স্বাধীনচেতা প্রকৃতির হয়ে থাকেন। মনোমতো কাজ করতে পছন্দ করেন। অন্যের কথামতো কাজ করার মানসিকতা এঁদের মধ্যে অনুপস্থিত। তার জন্য যদি এঁদের কোনও সমস্যায় পড়তে হয়, সেটাও এঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করেন। কিন্তু নিজের ভাবনা ফলপ্রসূ করার আগে অপরের অনুমতি নেওয়া কুম্ভ জাতক-জাতিকাদের আসে না।