Advertisement
E-Paper

ভগবান বিষ্ণুকে অর্পিত তুলসী থেকে জপমালার পুঁতি— সব কিছুতেই ১০৮ সংখ্যাটির উপস্থিতির কারণ কী?

দুর্গাপুজোয় ১০৮টি পদ্ম লাগে। আবার, যে কোনও মন্ত্রপাঠ সম্পূর্ণ হয় ১০৮ বার জপ করলে। এই সংখ্যাটির এত গুরুত্ব থাকার কারণ কী?

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১১:২১

ছবি: সংগৃহীত।

হিন্দু ধর্মে ১০৮ সংখ্যাটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দুর্গাপুজোয় ১০৮টি পদ্ম লাগে। দেবীর গলায় ১০৮টি বেলপাতার মালা পরানো হয়। নারায়ণ পুজোয় ১০৮টি তুলসীপাতা দেওয়া হয়। জপমালাতেও ১০৮টি পুঁতি থাকে। আবার, যে কোনও মন্ত্রপাঠ সম্পূর্ণ হয় ১০৮ বার জপ করলে। ১০৮ সংখ্যাটির এত গুরুত্ব থাকার কারণ কী?

হিন্দু ধর্ম মতে ১০৮ সংখ্যাটি দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয়, তাই এই সংখ্যাটির এত মাহাত্ম্য। বাংলা বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন অনুসারে, ব্রহ্ম= ব+র+হ+ম= ২৩+২৭+৩৩+২৫= ১০৮। প্রাচীন সংস্কৃত ভাষায় ৫৪টি অক্ষর ছিল। প্রতিটি বর্ণের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ, অর্থাৎ শিব ও শক্তি বর্তমান। সেই অনুযায়ী ৫৪x২= ১০৮। ১০৮-কে সংস্কৃতে বলা হয় ‘হর্ষদ সংখ্যা’। কারণ, এই সংখ্যাকে তার সংখ্যা-সমষ্টি দ্বারা বিভাজ্য। ১+০+৮=৯, ১০৮/৯=১২।

মুহূর্ত শাস্ত্র অনুসারে, সময় ১০৮টি উপলব্ধিতে বিভাজিত। ৩৬ অতীত, ৩৬ বর্তমান, ৩৬ ভবিষ্যৎ। হিন্দু ধর্মের পঞ্চ দেবদেবী, যাঁরা শাস্ত্রানুসারে সর্বাগ্রে পূজিত (গণেশ, বিষ্ণু, শিব, কৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য), প্রত্যেকেরই অষ্টোত্তর শতনাম সঙ্কীর্তন করা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ সর্বদা ১০৮ জন গোপিনীর সঙ্গে লীলাখেলায় রত থাকতেন।

Advertisement

জ্যোতিষবিদদের মতে, ২৭টি নক্ষত্র রয়েছে এবং এদের প্রত্যেকের ৪টি করে দিক রয়েছে। এ ক্ষেত্রেও ২৭X৪= ১০৮। অর্থাৎ, ১০৮ সংখ্যাটি সম্পূর্ণ ছায়ামণ্ডলকে পরিবেষ্টিত করে রেখেছে। আবার, সূর্যের চারপাশে পৃথিবী ও চন্দ্রের পরিক্রমা এবং গতি ও পারস্পরিক দূরত্বের সঙ্গে ১০৮ সংখ্যার যোগ রয়েছে।

আয়ুর্বেদ ও যোগ শাস্ত্রমতে, মানবদেহে মোট ১০৮টি পথ ধরে চালিকাশক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে। নটরাজের তাণ্ডবের থেকে প্রেরিত হয়ে ‘ভরতনাট্যম’-এর সৃষ্টি। সেই নৃত্যশাস্ত্রে ১০৮টি হস্ত ও পদ্মমুদ্রা আছে। কিছু বিশ্বাস অনুযায়ী, সারা ভারতে তন্ত্রপীঠের সংখ্যাও ১০৮।

ধর্মীয় রীতিতে বৈচিত্র থাকলেও হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে জপমালার পুঁতির সংখ্যা সর্ব ক্ষেত্রেই ১০৮। বৌদ্ধ ধর্মেও এর ব্যাখ্যা রয়েছে। তাতে বলা হয়েছে একটি সূত্র— ৬x৩x২x৩= ১০৮। ৬ হল মানুষের ছ’টি ইন্দ্রিয় (চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও চিন্তা), ৩ হল ত্রিকাল (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ), ২ হৃদয়ের দু’টি অবস্থা (নির্মল ও কলুষিত) এবং ৩ হল মানুষের মনের অবস্থা (ইচ্ছা, অনিচ্ছা ও উদাসীনতা)। জপের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মনকে পরিচালনা করা এবং কালের ঊর্ধ্বে নিজের হৃদয়কে প্রতিস্থাপন করা।

এই সব নানা কারণে ১০৮ সংখ্যাটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ।

Astro Tips Astrolgy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy