পদ্মফুল হল পবিত্রতা, সৌন্দর্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক। পাঁকের মধ্যে ফুটেও পদ্ম যে ভাবে নিজের সৌন্দর্য এবং পবিত্রতা বজায় রাখে, ঠিক তেমনই এটি ঘরে ইতিবাচক শক্তি বয়ে আনে। পদ্মফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আসন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে পদ্মফুলের ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নেতিবাচক শক্তি দূর করে পদ্মের ছবি পজ়িটিভ এনার্জি বাড়িয়ে তোলে। এই ছবি মনকে শান্ত রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি, ঘরে এই ছবি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে জ্ঞান ও শুভবুদ্ধির বিকাশ ঘটে এবং সম্পর্কে মাধুর্য আসে। তবে বাস্তুমতে, সঠিক দিকে সেই ছবি না রাখলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। ঘরে পদ্মের ছবি রাখার সঠিক দিক নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—
- ঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিক হল পদ্মের ছবি রাখার সেরা স্থান। এই দিকটিকে বাস্তুতে কুবের এবং জলতত্ত্বের দিক হিসাবে গণ্য করা হয়। এই দিকে পদ্মের ছবি রাখলে আর্থিক উন্নতি হয় এবং ঘরে সুখ-শান্তি বজায় থাকে।
- যদি উত্তর দিকে জায়গা না থাকে, তবে পূর্ব দিকের দেওয়ালে পদ্মের ছবি রাখতে পারেন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে এবং মান-সম্মান বজায় থাকে।
আরও পড়ুন:
- বাস্তুশাস্ত্র অনুসারে, বসার ঘরের দেওয়ালে পদ্মের ছবি রাখলে ঘরে আসা অতিথিদের মন শান্ত থাকে এবং ঘরের সামগ্রিক পরিবেশ মনোরম হয়।
- ঠাকুরঘরে অথবা দেব-দেবীর আসনের পিছনে পদ্মের ছবি বা পট রাখা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়।
- ছবিতে পদ্মফুলটি যেন প্রস্ফুটিত এবং সতেজ দেখায়। শুকনো, বাসি বা কুঁকড়ে যাওয়া পদ্মের ছবি ঘরে রাখবেন না।
- ছবিটি যেন ধুলোবালি জমে নোংরা না হয়। নিয়মিত ছবিটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। ঘরের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে পদ্মের ছবি না রাখাই শ্রেয়।