Advertisement
E-Paper

Covid Vaccine: ‘টিকা নিয়েও তৈরি হয়নি অ্যান্টিবডি’, পুনাওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ লখনউবাসীর

অভিযোগ, টিকা নেওয়ার পর থেকে তিনি সুস্থ বোধ করছেন না। তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা কমে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১২:৫৪
 পুনাওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন লখনউয়ের প্রতাপ চন্দ্র নামে এক ব্যক্তি।

পুনাওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন লখনউয়ের প্রতাপ চন্দ্র নামে এক ব্যক্তি।

সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন লখনউয়ের এক বাসিন্দা। তাঁর অভিযোগ, কোভিশিল্ড টিকা নিয়েও তৈরি হয়নি অ্যান্টিবডি।

লখনউয়ের আশিয়ানা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতাপ চন্দ্র নামে এক ব্যক্তি। তাঁর দাবি, গত ৮ এপ্রিল তিনি কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন। প্রতাপের দাবি, এর ২৮ দিন পর তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। তাঁর অভিযোগ, ওই নির্দিষ্ট দিনে টিকা নিতে গেলে তাঁকে বলা হয়, প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময় বাড়িয়ে ৬ সপ্তাহ করা হয়েছে। পরে ওই সময় আরও বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়। প্রতাপের আরও দাবি, টিকা নেওয়ার পর থেকে তিনি সুস্থ বোধ করছেন না। সরকার অনুমোদিত একটি পরীক্ষাগার থেকে তিনি কোভিড অ্যান্টিবডি পরীক্ষাও করিয়েছেন। প্রতাপের অভিযোগ, তাঁর রক্তে প্লেটলেট কাউন্ট কমে গিয়েছে।

পুনাওয়ালা ছাড়াও, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল, আইসিএমআর-এর অধিকর্তা বলরাম ভার্গব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা অপর্ণা উপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন প্রতাপ। তবে ওই অভিযোগের ভিত্তিতে এখনও মামলা দায়ের হয়নি। মামলা দায়ের না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতাপ।

Corona Vaccine Covishield Serum Institute of India Adar Poonawala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy