নাম নয়, বড়-ছোট নির্বিশেষে দলের মধ্যে পদকে সম্মান দেওয়ার বার্তা দিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।
তিনি পদাধিকার বলে শীর্ষে থাকলেও, বয়সে কাঁচা। তাই অতীতের অভ্যাসবশত অনেক প্রবীণ নেতাই নাম ধরে ডাকছিলেন সদ্য কার্যকরী সভাপতির দায়িত্বপ্রাপ্ত নিতিন নবীনকে। নিতিন দলের হবু সর্বভারতীয় সভাপতি। দল মনে করছে, গোড়াতেই নিতিনকে নাম ধরে ডাকার অভ্যাস পরিবর্তন না হলে, সেটা পরেও থেকে যাবে। যা ভবিষ্যতে দলে বিড়ম্বনার সৃষ্টি করবে।
দলের বক্তব্য, সব ঠিক থাকলে মকর সংক্রান্তির পরেই সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন নিতিন। দলের এক নেতার কথায়, ‘‘সে সময়ে যদি পুরনো সম্পর্কের সূত্র ধরে প্রবীণ নেতা বা সমবয়সিরা প্রকাশ্যে নিতিনকে নাম ধরে ডাকেন, তা হলে তা অস্বস্তির কারণ হবে। তাই দলের ছোট-বড়, বিশেষ করে প্রবীণ নেতাদের বার্তা দেওয়া হয়েছে কোনও ভাবেই যেন তাঁরা নিতিনের নাম ধরে প্রকাশ্যে না ডাকেন।’’ পরিবর্তে নিতিনকে কার্যকরী সভাপতি হিসেবে সম্বোধন করার কথা বলা হয়েছে দলের নেতা-কর্মীদের, যাতে পদের গরিমা নষ্ট না হয়।
একই সঙ্গে উত্তরপ্রদেশের দলীয় সভাপতি পঙ্কজ চৌধরি দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে সে রাজ্যে। কুর্মি নেতা পঙ্কজের দায়িত্বপ্রাপ্তির পরে নিজেদের মধ্যে আলাদা করে বৈঠক করতে শুরু করেছেন রাজপুত, ব্রাহ্মণেরা। বিষয়টিতে বেজায় চটেছেন শীর্ষ নেতৃত্ব। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সামনেই রাজ্যে ভোট। তার আগে কোনও ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সহ্য করা হবে না। সেই কারণে আগামী দিনে সব ধরনের জাতিভিত্তিক বৈঠক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)