Advertisement
E-Paper

টুকরো খবর

কেন্দ্রীয় গ্রামীণ রোজকার প্রকল্পে (এনরেগা) নীতিতে নরেন্দ্র মোদীর সরকার কোনও পরিবর্তন করেনি বলে দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজ আগরতলার বিবেকানন্দ ময়দানে এক সমাবেশে তিনি এ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের দিকে তোপ দাগেন।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০৩:২০

মানিককে তোপ অমিতের
নিজস্ব সংবাদদাতা • আগরতলা

কেন্দ্রীয় গ্রামীণ রোজকার প্রকল্পে (এনরেগা) নীতিতে নরেন্দ্র মোদীর সরকার কোনও পরিবর্তন করেনি বলে দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজ আগরতলার বিবেকানন্দ ময়দানে এক সমাবেশে তিনি এ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের দিকে তোপ দাগেন। অমিত বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী এনরেগা প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অসত্য প্রচার চালাচ্ছেন।’’ পাশাপাশি, ত্রিপুরায় শাসক দলের প্রতি তাঁর কটাক্ষ— ‘‘যেখানেই ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি, সেখানেই সন্ধান মেলে বামপন্থীদের।” অমিত বলেন, ‘‘পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি ধরা পড়েছে। গুজরাতে এ রকম কিছু কখনও শুনেছেন?’’ দেশের উত্তর-পূর্বে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করতে কেন্দ্রের মোদী সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারে দু’সপ্তাহ ধরে সে সব রাজ্যে সফর করছেন অমিত। ত্রিপুরা সফর তাঁর এই কর্মসূচির শেষ পর্ব।কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক নীতি নিয়ে অমিত বলেন, ‘‘পূর্বতন ইউপিএ সরকারের আমলে উত্তর-পূর্বের জন্য ‘লুক ইস্ট’ নীতি তৈরি করা হয়। তাতে উন্নয়ন কী হয়েছে, তা এখানকার মানুষ জানেন। মোদী সরকার উত্তর-পূর্বের অন্দরে পৌঁছতে ‘অ্যাক্ট ইস্ট’ নীতি গড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার তিন সদস্য প্রতি মাসে এখানে সফর করছেন।’’ আসন্ন এডিসি নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে মঞ্চেই পরিচয়-পর্ব সারেন।

চুক্তি জঙ্গিদের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

কেন্দ্রের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করল নবগঠিত নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (রিফর্মেশন)। সেই সঙ্গে এক বছরের জন্য সংঘর্ষবিরতি চুক্তির মেয়াদ বাড়াল এনএসসিএন খুলে-কিতোভি গোষ্ঠী। আজ দিল্লিতে চুক্তি স্বাক্ষর করা হয়। কেন্দ্রের তরফে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব শম্ভু সিংহ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিশেষ সচিব অশোক প্রসাদ। এনএসসিএন (আর) গোষ্ঠীর দাবি, চুক্তির আওতা নাগাল্যান্ডে সীমাবদ্ধ হলেও কেন্দ্র মৌখিক ভাবে অন্য রাজ্যেও সংঘর্ষবিরতি মানার আশ্বাস দিয়েছে।

আসতে পারেন মোদী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

সব কিছু ঠিক থাকলে আগামী ১০ মে কলকাতায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বেলুড় মঠ ও ইস্কোতে যাওয়ার কথা। এর আগেই তাঁর কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা মুলতুবি রাখা হয়। এ দিন প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়েছে, ১৩ মে চিন যাবেন মোদী। তার আগেই তিনি কলকাতা ঘুরে আসতে চাইছেন।

গঙ্গা দূষণে ভূমিকা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

গঙ্গা দূষণে ১১৮টি শহরের মধ্যে কলকাতা, হাওড়া, কানপুর, ইলাহাবাদের ভূমিকা সব চেয়ে বেশি। সোমবার রাজ্যসভায় জল সম্পদমন্ত্রী উমা ভারতী বলেন, ‘‘যে শহরগুলি গঙ্গায় বর্জ্য পদার্থ ত্যাগ করে, সে রকম ১১৮টি শহরকে চিহ্নিত করেছে সরকার।’’ তিনি জানিয়েছেন, ২০১১ সালের তথ্য অনুযায়ী গঙ্গা দূষণে প্রথম সারিতে রয়েছে কলকাতা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy