Advertisement
E-Paper

টুকরো খবর

আর দেরি নয়। সম্পর্কে শৈত্য কেটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফিরে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্কের পুরনো উষ্ণতাও। দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয়েছে সদ্য। আর এই তিনের নিট ফল, আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:২৭


পরবর্তী ছবির প্রচারে গুড়গাঁওয়ে কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

জুনেই ঢাকায় মোদী-মমতা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

আর দেরি নয়। সম্পর্কে শৈত্য কেটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফিরে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্কের পুরনো উষ্ণতাও। দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয়েছে সদ্য। আর এই তিনের নিট ফল, আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা, ঢাকায় গিয়ে দু’জনে ওই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরের কথা হয়েছে। মমতা নীতিগত ভাবে প্রধানমন্ত্রীকে এই সফরের বিষয়ে সম্মতি দিয়ে দিয়েছেন। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরকারী প্রতিনিধিদল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মমতা। তিস্তা চুক্তি নিয়ে তখন উত্তপ্ত ছিল কেন্দ্র-রাজ্য সম্পর্ক। মোদী ক্ষমতায় আসার পর বদলেছে পরিস্থিতি। ফেব্রুয়ারি মাসে নিজে ঢাকায় গিয়ে মমতা ঘোষণা করেছিলেন, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত করতে সহযোগিতা তিনি করবেন। মোদীও অপেক্ষা করছিলেন এই চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হলেই বাংলাদেশ সফরে যাওয়ার জন্য। জটিলতার পর্ব শেষে এখন খোঁজ চলছে সুবিধাজনক তারিখের।

পুরনো মামলায় রুমিকে ডাকল করিমগঞ্জ আদালত
নিজস্ব সংবাদদাতা • করিমগঞ্জ

তিন বছরের পুরনো এক মারধরের মামলায় সাক্ষ্য দিতে করিমগঞ্জ আদালতে কংগ্রেস বিধায়ক রুমি নাথকে হাজিরা দিতে নির্দেশ দিলেন বিচারক। এই মুহূর্তে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে বন্দি বিধায়ককে কড়া নিরাপত্তার মধ্যে আগামী ২০ মে হাজির হওয়ার এই নির্দেশ দিয়েছে করিমগঞ্জ এসিজেএম আদালত। বড়খলার বিধায়ক রুমি নাথ বদরপুরের ভাঙ্গা এলাকার জ্যাকি জাকিরকে নিয়ে পালিয়ে যান। সেই সময় তিনি করিমগঞ্জ শহরে কয়েকদিন থেকে ত্রিপুরার কৈলাশহরে গিয়ে বিয়ে করেন। অভিযোগ, বিধায়কের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই তিনি জাকিরের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। এ ছাড়া বিধায়ক ধর্মান্তরণ করেছেন বলেও নিজেই সংবাদমাধ্যমকে জানান। ২০১২ সালের ২৯ জুন বিধায়ক তার বিতর্কিত স্বামীকে নিয়ে শহরেরই নক্ষত্র হোটেলে হাজির হন। বিধায়কের আসাকে ঘিরে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই রাতেই একদল উত্তেজিত জনতা হোটেলে তাঁদের উপরে হামলা চালান। বিধায়ক-সহ জ্যাকি জাকিরকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়। বিধায়ক পুলিশে অভিযোগ দায়ের করেন। করিমগঞ্জ পুলিশ ঘটনার তদন্ত করে ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সেই মামলাতে বিধায়ককে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত বার বার সমন পাঠালেও তিনি উপস্থিত হননি। এর প্রেক্ষিতেই আজ করিমগঞ্জের এসিজেএম শাহ সৈয়দ আহাদুর রহমান বিচার বিভাগীয় হেফাজতে থাকা রুমি নাথকে ২০ মে করিমগঞ্জের আদালতে হাজির করাতে নির্দেশ দিয়েছেন।

জঙ্গি হানায় হত ২
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

কুকি জঙ্গিদের হাতে দুই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মণিপুরের পাটসৈ। পুলিশ জানায়, পূর্ব ইম্ফলের নিধি অ্যাকাডেমির ছাত্র ১২ বছরের কোংথৌজাম বিশাল ও ওই স্কুলেই নির্মাণকাজে নিযুক্ত ঠিকা শ্রমিক, পাটসৈ-৩ এলাকার বাসিন্দা দয়ানন্দ ও হাওরাং এলাকার প্রেমানন্দ রবিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁদের সন্ধানে যাওয়া ১০ জনকে কেআরএফ জঙ্গিরা মারধর করে জানায়, কেসিপি জঙ্গি সন্দেহে ওই তিন জনকে ধরে রাখা হয়েছে। আজ টিনসিড এলাকায় দুই শ্রমিকের মৃতদেহ মিলেছে। ষষ্ঠ শ্রেণির বিশাল গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রতিবাদে এ দিন বিকেল অবধি ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তাঁদের দাবি, সংঘর্ষবিরতির সুযোগ নিয়ে কুকি জঙ্গিরা দৌরাত্ম্য চালাচ্ছে।

দায়িত্বে জ্যোতি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

নির্বাচন কমিশনার হিসেবে আজ দায়িত্ব নিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যসচিব আঁচল কুমার জ্যোতি। নরেন্দ্র মোদী-ঘনিষ্ঠ জ্যোতি ২০১০ সালে গুজরাতের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। ২০১৭ সালে অবসর নেবেন। নির্বাচন কমিশনারের দু’টি খালি পদের একটিতে আজ জ্যোতির নিয়োগ হওয়ায় জাইদির পরে ‘সিনিয়রিটি’-র ভিত্তিতে তাঁর জায়গা নেবেন জ্যোতি। সে ক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন ওই আমলা।

সিবিআই-তল্লাশি
সংবাদ সংস্থা • মুম্বই

অভিনেত্রী জিয়া খানের রহস্যজনক মৃত্যুর তদন্তে বুধবার অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও তাঁর ছেলে সুরজ পাঞ্চোলির মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। ২০১৩-র ৩ জুন নিজের বাড়িতেই জিয়ার ঝুলন্ত দেহ মেলে। খুনের অভিযোগ করেন জিয়ার মা রাবিয়া। গত বছর মুম্বই হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। এ দিনের তল্লাশি নিয়ে অবশ্য মুখ খোলেননি গোয়েন্দারা। -সংবাদ সংস্থা

ফের খুলে গেল জোজি-লা

সেনাবাহিনীর চিনার কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা (একেবারে ডান দিকে) বুধবার এই রাস্তা যান চলাচলের জন্য আনুষ্ঠানিক ভাবে খুলে দেন। আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত পাসটি খোলা থাকবে। এখন থেকে লাদাখ যাওয়ার এই রাস্তায় সেনাবাহিনী পর্যটকদের গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে বরফ পড়ায় প্রতি বার এই রাস্তা বন্ধ হয়ে যায়।

বাজ পড়ে মৃত মহিলা

বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ দুপুরে লোহারডাগার চরহু গ্রামের এই ঘটনা সম্পর্কে স্থানীয় কিসকো থানার পুলিশ জানিয়েছে, সুশীলা দেবী (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলা ও আরও কয়েক জন টমেটো খেতে কাজ করছিলেন। বেলা সাড়ে বারোটা নাগাদ বাজ পড়ে। ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। আহতদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত কাল রাঁচি-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় কালবৈশাখী হয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। যার জেরে ফসলের ক্ষতি হয়েছে বলে আজ খাদ্যমন্ত্রী সরযু রাই জানান।

দুষ্কৃতী খুন

এক দুষ্কৃতীকে হাসপাতালের মধ্যে গুলি করে মারল তার এক সঙ্গী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দে। নিহত দুষ্কৃতীর নাম ভিমলেশ উপাধ্যায় ওরফে দায়া (২৮)। বুধবার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ভিমলেশ তার দুই দুষ্কৃতী বন্ধু ধর্মেন্দ্র ভাদোরিয়া এবং সঞ্জু ভাদোরিয়ার সঙ্গে বসে মদ খাচ্ছিল। এই সময় ভিমলেশ এবং সঞ্জুর মধ্যে কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ভিমলেশ সঞ্জুকে গুলি করে। জখম সঞ্জুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই ভিমলেশের মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy