Advertisement
E-Paper

টুকরো খবর

গেল হপ্তায় মুখের ওপর দরজা বন্ধ হয়েছিল। আজ পড়ল লেট মার্ক। সংসদ চললে ফি-মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবার উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। ঘড়ির কাঁটায় যেই না ন’টা পঁয়ত্রিশ ছুঁয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ দেন দরজা বন্ধ করে দিতে। বলেন, “যাঁরা পৌঁছতে পারেননি, তাঁরা বাইরেই থাকুন।” বৈঠক শুরুর মাত্র পাঁচ মিনিট পরে এসে প্রায় জনা কুড়ি সাংসদকে অপেক্ষা করতে হয় দরজার বাইরে। সেই সূচি মেনেই আজ ফের বৈঠক বসে। তবে মোদী-অমিত দু’জনেই বিধানসভা ভোটের প্রচারে দিল্লির বাইরে থাকায় প্রধান বক্তার দায়িত্ব সামলান অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু ও লালকৃষ্ণ আডবাণী। আজ আর কারও মুখের ওপর দরজা বন্ধ করা হয়নি বটে।

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ০৩:৫৩

পড়ল দাগ, মোদীর কাছে নাম গেল লেটলতিফদের

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

গেল হপ্তায় মুখের ওপর দরজা বন্ধ হয়েছিল। আজ পড়ল লেট মার্ক। সংসদ চললে ফি-মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবার উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। ঘড়ির কাঁটায় যেই না ন’টা পঁয়ত্রিশ ছুঁয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ দেন দরজা বন্ধ করে দিতে। বলেন, “যাঁরা পৌঁছতে পারেননি, তাঁরা বাইরেই থাকুন।” বৈঠক শুরুর মাত্র পাঁচ মিনিট পরে এসে প্রায় জনা কুড়ি সাংসদকে অপেক্ষা করতে হয় দরজার বাইরে। সেই সূচি মেনেই আজ ফের বৈঠক বসে। তবে মোদী-অমিত দু’জনেই বিধানসভা ভোটের প্রচারে দিল্লির বাইরে থাকায় প্রধান বক্তার দায়িত্ব সামলান অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু ও লালকৃষ্ণ আডবাণী। আজ আর কারও মুখের ওপর দরজা বন্ধ করা হয়নি বটে। কিন্তু কারা কারা দেরি করে এলেন, তা নোট করে নেন বেঙ্কাইয়া। আর সেখানেই ন’জনের নামের পিছনে জুড়েছে লেট মার্ক। তাঁদের কাছ থেকে দেরির ব্যাখ্যা চেয়ে নাম পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। দেরির তালিকায় থাকা বরাবাঁকির সাংসদ প্রিয়ঙ্কা রাওয়াত যুক্তি দেন, “আমি তো আগেই পৌঁছে গিয়েছিলাম। কিন্তু দলের পক্ষ থেকে সম্পত্তির হিসেব চাওয়া হয়েছিল। সেই হিসেব তৈরি করতে একটু দেরি হয়ে গেল।” মীনাক্ষী লেখি, উদিত রাজ-ও দেরিতে ঢুকেছেন। বেঙ্কাইয়া অবশ্য সাফ জানান, সাংসদ ও মন্ত্রীদের মধ্যে সময়ানুবর্তিতার ভাবনা জাগিয়ে তুলতেই প্রধানমন্ত্রী সকলকে সময়ে আসতে বলেছেন। সামনের সপ্তাহে ফের আসতে পারেন তিনি। তখন মোদী কী বলেন, সেই আশঙ্কায় রয়েছেন দেরি করা সাংসদরা।

কর্পোরেটে বাড়ছে করছাড়, তথ্য জেটলির

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

নানা কারণে কর্পোরেটকে শুধু গত আর্থিক বছরেই কেন্দ্রীয় সরকার আনুমানিক ১ লক্ষ দু’হাজার ৬০৬ কোটি টাকা করছাড় দিয়েছে। রাজ্যসভায় সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর ব্যাখ্যা, দেশের আয়কর আইন অনুযায়ী বড় আকারের ব্যবসার জন্য নানা ধরনের উৎসাহ-ভাতা দেওয়া যায়। যা বাস্তবে কার্যকর হয় করছাড় দিয়ে। পরিকাঠামো উন্নয়ন, আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য, গ্রামীণ উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণা এ রকম নানা কাজে প্রত্যক্ষ করের উপরে ছাড় পাওয়ার সুবিধা থাকে। বাজেটের নথিতে এই করছাড়ের পরিমাণই রাজস্ব ছাড় হিসাবে দেখানো হয়। জেটলির দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ এবং ২০১৩-১৪ আর্থিক বছরে এই করছাড়ের পরিমাণ ছিল যথাক্রমে ৭২ হাজার ৮৮১, ৮৩ হাজার ৩২৮, ৮১ হাজার ২১৪, ৯২ হাজার ৬৩৬ এবং ১ লক্ষ দু’হাজার ৬০৬ কোটি টাকা। মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস, বড় শিল্পপতিরা কেন করছাড়ের সুবিধা পাবেন, এই রাজনৈতিক প্রশ্ন সিপিএমের বহু দিনের। সেই দৃষ্টিকোণ থেকেই রাজ্যসভায় এই তথ্য আদায় করেছেন সিপিএম সাংসদ।

তেলের দাম কমাতে চাপ সিপিএমের

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমছে। কিন্তু আমজনতার জন্য দাম কমছে না সরকার উৎপাদন শুল্ক বাড়িয়ে দেওয়ায়। তাই পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি তুলে রাজ্যসভায় বিধিসম্মত প্রস্তাব এনেছেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি। এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতেই হবে। ইয়েচুরির ধারণা, কোনও দলের পক্ষেই তেলের দাম কমানোর দাবি খারিজ করা সম্ভব নয়। ফলে এই প্রস্তাব বিজেপিকে শক্ত পরীক্ষায় ফেলতে পারে। ভারত এত দিন প্রতি ব্যারেল অশোধিত তেল কিনত ১২০ ডলারে। সেটা এখন ৬৫-৭০ ডলারে নেমে এসেছে। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে আজ লোকসভায় অভিযোগ করেন, সাধারণ মানুষকে সুরাহা না দিয়ে সরকার উৎপাদন শুল্ক বাড়িয়ে বাড়তি ১৫-১৬ হাজার কোটি টাকা রাজকোষে তুলছে। ইয়েচুরির দাবি, বেসরকারি সংস্থাকে মুনাফা করার সুযোগ করে দিচ্ছে সরকার। বাড়তি শুল্ক না চাপালে পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৪০ ও ৩৫ টাকা দরে কিনতে পারতেন সাধারণ মানুষ।

বাজপেয়ীর জন্য

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনেই তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন বিজেপি সাংসদরা। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় সাংসদদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রের কিছু মন্ত্রী। সেখানে সাংসদরা বলেন, বাজপেয়ীকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বহুদিনের। এখন কেন্দ্রে বিজেপির সরকার। বাজপেয়ীর জন্মদিনও ঘটা করে পালন করা হচ্ছে। ফলে সেই দিনই তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হোক।

আইএসে যোগ দিতে

জঙ্গি গোষ্ঠী আইএসআইএসে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কিছু যুবক দেশ ছেড়েছেন। মঙ্গলবার লোকসভায় এক বিবৃতিতে এমনটাই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই পরাধিভাই চৌধুরি। তিনি জানিয়েছেন, মূলত দেশের বেকার যুবকদের মধ্যেই আইএসে যোগ দেওয়ার প্রবণতা বেশি। কেন্দ্রীয় গোয়েন্দারা দেশের বেশ কিছু জায়গায় যুবকদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার বিপথগামী এই যুবকদের জীবনের মূলস্রোতে ফেরাতে বদ্ধপরিকর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy