Advertisement
E-Paper

বেঙ্গালুরুতে মহিলাকে শ্বাসরোধের পর গলা কেটে খুন পড়শির, টেরই পেলেন না পাশে শুয়ে থাকা স্বামী!

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শোভা। বেঙ্গালুরুর নীলামঙ্গলা এলাকার হীরাপুরে নিঃসন্তান এই দম্পতির বাড়ি। স্বামী রঙ্গনাথ মানসিক ভারসাম্যহীন। ১৫ বছর ধরে অসুস্থ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪
নিহত মহিলা শোভা। ছবি: সংগৃহীত।

নিহত মহিলা শোভা। ছবি: সংগৃহীত।

সত্তর বছরের এক মহিলাকে শ্বাসরোধের পর গলা কেটে খুনের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। অভিযুক্ত এক পড়শি। স্বামী-স্ত্রী শুয়ে ছিলেন একই বিছানায়। স্ত্রী খুন হয়ে গেলেন, অথচ টেরই পেলেন না পাশে শুয়ে থাকা স্বামী।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শোভা। বেঙ্গালুরুর নীলামঙ্গলা এলাকার হীরাপুরে নিঃসন্তান এই দম্পতির বাড়ি। স্বামী রঙ্গনাথ মানসিক ভারসাম্যহীন। ১৫ বছর ধরে অসুস্থ। তাঁকে দেখাশোনা করতেন শোভা। প্রতি দিন সকালে স্বামীকে সঙ্গে নিয়ে হাঁটতে বার হতেন শোভা। বুধবারও হাঁটতে বেরিয়েছিলেন তাঁরা। তার পর ফিরেও আসেন। দু’জনে মিলে তার পর বিশ্রাম নিচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, রঙ্গনাথের থেরাপির জন্য প্রতি দিন এক চিকিৎসক আসতেন। বুধবারও যথাসময়ে শোভার বাড়িতে পৌঁছোন তিনি। ওই চিকিৎসকের দাবি, প্রথমে কারও কোনও সাড়াশব্দ পাননি। ভেবেছিলেন হয়তো ঘুমিয়ে রয়েছেন। কলিং বেল বাজান। কিন্তু তাতেও কোনও সাড়া মেলেনি। দরজা ঠেলতেই খুলে যায়। ভিতরে ঢুকেই ওই চিকিৎসক দেখেন বিছানায় পড়ে রয়েছেন শোভা। তাঁর গলার নলি কাটা। রক্তে ভিজে গিয়েছে বিছানা। আশ্চর্যের বিষয়, ওই বিছানাতেই শুয়ে ছিলেন রঙ্গনাথ। তিনি টেরও পাননি স্ত্রী খুন হয়েছেন।

ওই চিকিৎসক প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে শোভার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতির বাড়িতে শিবকুমার নামে এক যুবক এসেছিলেন। তিনি ওই এলাকাতেই থাকেন। জল খেতে চাওয়ার অছিলায় শোভার বাড়িতে ঢোকেন। তার পর কিছু ক্ষণের মধ্যে বেরিয়ে আসেন। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ঘর থেকে ১০০ গ্রাম সোনার গয়না চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর ঘটনার ছ’ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শিবকুমারকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মহিলার গয়না হাতানোই মূল লক্ষ্য ছিল অভিযুক্তের। জেরা করে পুলিশ জানতে পেরেছে, শিবকুমারের প্রচুর দেনা ছিল। সেই দেনা শোধ করতেই চুরির পরিকল্পনা করেন। শোভার পরনের গয়না দেখেই তা লুট করার ছক কষেন। পরিকল্পনামতো জল খাওয়ার নাম করে শোভার বাড়িতে ঢোকেন। তার পর গয়না ছিনতাই করার চেষ্টা করেন। কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেন শোভা। তখনই তাঁকে শ্বাসরোধ করে গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শিবকুমারের কাছ থেকে সোনার গয়নাগুলি উদ্ধার হয়েছে।

Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy