Advertisement
E-Paper

‘নির্বাচনী লড়াই খানিকটা সেরে নেওয়া হয় সুপ্রিম কোর্টে, এটাই সমস্যা’! হিমন্ত-মামলা গ্রহণ করেও মন্তব্য প্রধান বিচারপতির

চলতি বছরে চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই তালিকায় রয়েছে অসমও। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক দানা বাঁধে। তা নিয়ে মামলাও হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১
(বাঁ দিকে) অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (ডান দিকে)।

(বাঁ দিকে) অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (ডান দিকে)। —ফাইল চিত্র।

নির্বাচন যত এগিয়ে আসে, সেই ভোটের লড়াইয়ের কিছুটা অংশ সেরে নেওয়া হয় সুপ্রিম কোর্টেই। সমস্যার বিষয় এটাই। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। চলতি বছরে দেশে চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোট রয়েছে অসমেও। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তার জল গড়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলা প্রসঙ্গেই প্রধান বিচারপতির এই মন্তব্য করেন।

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ওই ভিডিয়োকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। যদিও বিতর্ক শুরু হওয়ার পর পরই পিছু হটে ওই ভিডিয়ো সমাজমাধ্যম থেকে মুছে ফেলে বিজেপি। তবে বিতর্ক পিছু ছাড়েনি। তা নিয়ে ইতিমধ্যে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েক জন বামপন্থী নেতাও।

মঙ্গলবার বামপন্থী নেতাদের হয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী নিজাম পাশা। অসমের মুখ্যমন্ত্রীর ওই ভিডিয়ো-কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান তিনি। ওই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি বলেও আদালতে দাবি করেন আইনজীবী। সিপিআই এবং সিপিএম নেতাদের করা ওই মামলাটি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, “সমস্যা হল, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ভোটের কিছুটা অংশ সুপ্রিম কোর্টেও লড়া হয়ে যায়। এটাই সমস্যা। আমরা বিষয়টি দেখব এবং (শুনানির) তারিখ জানিয়ে দেব।”

এ বছর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে বিধানসভা ভোট রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ুতে বর্তমানে সরকারে রয়েছে বিজেপিবিরোধী দল। অসমে রয়েছে বিজেপির সরকার। পুদুচেরিতেও বিজেপির জোটসঙ্গীরা ক্ষমতায় রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে আদালতকে ‘লড়াইয়ের মঞ্চ’ হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে।

তবে ‘রাজনীতির যুদ্ধ’-কে বিচারব্যবস্থা থেকে দূরে রাখার জন্য অতীতেও বিভিন্ন সময়ে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা একটি সংগঠনকে সতর্ক করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি বিআর গবই। ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন। কোর্টকে রাজনীতির জায়গা করবেন না।’’

Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy