আরও রাফাল যুদ্ধবিমান কেনার তোড়জোড় শুরু করেছে ভারত। সব মিলিয়ে ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে। এর জন্য আগামী সপ্তাহেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারে দেশের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল বা ডিএসি)।
কৃত্রিম মেধা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের ভারত সফরের আগেই ডিএসি-র এই বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বস্তুত, দেশের সামরিক বাহিনীর জন্য নতুন নীতিতে সবুজ সঙ্কেত দেওয়া, আধুনিক অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ এটিই। পদাধিকার বলে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত এই কাউন্সিলের প্রধান হন দেশের প্রতিরক্ষামন্ত্রী। বর্তমানে রাজনাথ সিংহ এই কাউন্সিলের প্রধান। আগামী সপ্তাহে তাঁর নেতৃত্বেই বৈঠকে বসতে পারে ডিএসি।
বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে মাক্রোঁর ভারত সফরের ঠিক মুখে এই বৈঠক বসায় রাফাল নিয়ে গুঞ্জন বৃদ্ধি পেয়েছে। ভারত যে ফ্রান্সের কাছ থেকে আরও রাফাল যুদ্ধবিমান কিনতে চাইছে, এই খবর আগেই মিলেছিল। অনুমান করা হচ্ছে, আগামী সপ্তাহের বৈঠকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
আরও পড়ুন:
যে ১১৪টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে, তার মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলি তৈরি হবে এ দেশেই, তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার হবে। এই যুদ্ধবিমানগুলির মধ্যে ৮৮টিতে এক জন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি ২৬টিতে বসতে পারবেন দু’জন পাইলট। এই রাফালগুলি কেনার জন্য মোট ৩.২৫ লক্ষ কোটি টাকা খরচ করার কথা রয়েছে ভারতের।
২০২০ সালের জুলাই মাস থেকে ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল এসেছে ভারতে (যার মধ্যে ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান)। সেগুলির কার্যকারিতা দেখে বায়ুসেনার বিশেষজ্ঞেরা সন্তোষ প্রকাশ করায় গত বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস)-র আরও রাফাল কেনার (বা যৌথ উদ্যোগে নির্মাণের) বিষয়ে সবুজসঙ্কেত দিয়েছিল। এর পরেই ভারতীয় বায়ুসেনাকে ১১৪টি রাফাল ‘মাল্টিরোল এয়ারক্র্যাফ্ট’ দেওয়ার পরিকল্পনা শুরু হয়।