Advertisement
E-Paper

রিল বানাতে সোজা পুলিশের ব্যারিকেডে ধাক্কা! কিশোর পুত্রের বেয়াদবির জন্য ক্ষমা চাইলেন বাবা, ভাইরাল ভিডিয়ো

১৪ বছর বয়সি এক কিশোর রিল বানানোর জন্য সোজা পুলিশের ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। ব্যারিকেডটি রাস্তায় উল্টে পড়ে যায়। গাড়ির চালকের আসনে ছিল সেই কিশোর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রাপ্তবয়স্ক না হতেই থার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে পুত্র। শুধু তা-ই নয়, রিল বানিয়ে নজর কাড়তে গাড়ি নিয়ে সোজা পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিল। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) তা নজর কাড়ে লখনউ পুলিশের। কিশোর পুত্রের তরফে পুলিশের কাছে ক্ষমাপ্রার্থনা করেন তার বাবা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি লখনউয়ের গোমতীনগরের জি-২০ রোড এলাকায় ঘটেছে। ১৪ বছর বয়সি এক কিশোর রিল বানানোর জন্য সোজা পুলিশের ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। ব্যারিকেডটি রাস্তায় উল্টে পড়ে যায়। গাড়ির চালকের আসনে ছিল সেই কিশোর। সেখান থেকে গাড়ি নিয়ে মেরিন ড্রাইভের দিকে চলে যায় সে। তখন গাড়ির সামনের দরজা খুলে সেখানে বিপজ্জনক ভাবে হাত তুলে দাঁড়িয়ে পোজ় দেয় কিশোর।

এই ভিডিয়োটি পুলিশের নজরে পড়ায় তদন্তে নেমে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। এমনকি, কিশোরের বাবা ধ্রুবনারায়ণ শুক্ল পুলিশের কাছে পুত্রের বেয়াদবির জন্য ক্ষমাপ্রার্থনাও করেন। কিশোরের তরফে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘‘আমার ছেলে কী করেছে তা নিয়ে আমি অবগত। ওর কৃতকর্মের জন্য আমি খুবই লজ্জিত। ভবিষ্যতে যেন এই ধরনের কিছু ঘটিয়ে না বসে, সে দিকে খেয়াল রাখব। সন্তানেরা তাদের বাবা-মাকে লুকিয়ে কী কী করছে, তা নিয়ে সতর্ক থাকা উচিত। না হলে বড় ধরনের কোনও বিপদ হতে পারে।’’

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লেখেন, “১৪ বছরের এক কিশোর কী করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারে! বাবা-মা হিসাবে সেই খেয়াল তো রাখা উচিত। কোনও পথ দুর্ঘটনার কবলেও তো পড়তে পারত সে।’’

Viral Video Lucknow Lucknow Police reel video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy