মুম্বইয়ের অন্যতম ব্যস্ত স্টেশন। লোকজনের ভিড় থাকে প্রায় সব সময়। লিফ্টে ওঠার সময়ও লাইন পড়ে গেল যাত্রীদের। লিফ্টে তিলধারণের জায়গা না থাকা সত্ত্বেও সেখানে লোকজন উঠে পড়ছিলেন। ফাঁকা লিফ্টের জন্য দু’মিনিট অপেক্ষা করারও ধৈর্য নেই কারও। ভিড়ের মধ্যেই ধাক্কাধাক্কি করে উঠতে চাইছেন সকলে। যাত্রীদের ভিড়ে ১৫ মিনিট ধরে লিফ্ট বন্ধ হয়ে রইল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মেট্রোমুম্বইলাইভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি লিফ্টে ওঠার জন্য ভিড় জমিয়েছেন যাত্রীরা। লিফ্টে আর কারও ওঠার জায়গা নেই। তবুও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন লোকজন। লিফ্টে ওঠার জন্য ধাক্কাধাক্কি করছেন সকলে। লিফ্টের দরজার সামনে দাঁড়িয়ে থাকার কারণে লিফ্টও চালু হতে পারছে না।
প্রায় ১৫ মিনিট ধরে লিফ্টে ওঠা নিয়ে অশান্তি চলে। তার পর সেখান থেকে সরে যান তাঁরা। এই ঘটনাটি সম্প্রতি মুম্বইয়ের দাদর রেলস্টেশনে ঘটেছে। ভিডিয়োটি দেখে সমালোচনা করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দু’মিনিট দাঁড়ালেই তো ফাঁকা লিফ্টে উঠতে পারতেন। আজকাল মানুষের হাতে একটুও সময় নেই। সব সময় তাড়াহুড়ো থাকে। ভিড়ে ঠেলাঠেলির ফলে তো কোনও রকম দুর্ঘটনাও ঘটতে পারত!’’