Advertisement
E-Paper

বনবন করে ঘুরতে ঘুরতে শূন্য থেকে আছড়ে পড়ল ‘সুনামি রাইড’! মৃত এক পুলিশকর্মী, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

স্থানীয়দের কাছে ‘সুনামি রাইড’ নামে পরিচিত নাগরদোলাটি হঠাৎই এক দিকে হেলে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই রাইডটি ঘুরতে ঘুরতে নীচে ভেঙে পড়ে যায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। মারা গিয়েছেন এক পুলিশকর্মী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘুরতে ঘুরতে শূন্যে ওঠার পর চলন্ত রাইড ভেঙে মৃত্যু হল এক পুলিশকর্মীর। জখম হয়েছেন আরও ১৩ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় ঘটেছে। স্থানীয়দের কাছে ‘সুনামি রাইড’ নামে পরিচিত নাগরদোলাটি হঠাৎই এক দিকে হেলে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই রাইডটি ঘুরতে ঘুরতে ভেঙে পড়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্য স্কিন ডক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেলায় একটি রাইড ঘুরতে ঘুরতে হঠাৎই এক দিকে হেলে পড়ে। মুহূর্তের মধ্যে রাইডটি ভেঙে নীচে পড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাইডটি হেলে পড়ছে দেখে লোকজনকে উদ্ধারের চেষ্টায় সে দিকে দৌড়ে গিয়েছিলেন, মেলার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পুলিশ ইনস্পেক্টর জগদীশ প্রসাদ।

সেই সময়ে রাইডের একটি অংশ ভেঙে তাঁর মাথায় এবং মুখে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জগদীশকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের চিকিৎসার সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কোনও যান্ত্রিক গোলযোগের কারণে রাইডটি ভেঙে পড়েছে কি না তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে।

জানা গিয়েছে, এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে মেলার একটি তোরণ ভেঙে পড়ে। ওই ঘটনায় এক জন আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩১ জানুয়ারি থেকে এই মেলাটি শুরু হয়েছে। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত মেলাটি চালু থাকার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর মেলা প্রাঙ্গণ ঘিরে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Viral Video Haryana Faridabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy