Advertisement
E-Paper

স্ত্রীর সঙ্গে অশান্তি, দু’বছরের ছেলেকে তিন তলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিলেন নিজেও

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির কালকাজি এলাকায়। পুলিশ সূত্রে খবর, বাবা এবং ছেলে দু’জনকেই উদ্ধার করে এমসে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা সঙ্কটজনক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৪:০১
রাগের বশে ছেলেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে দু’বছরের ছেলেকে তিন তলার ব্যালকনি ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঝাঁপ দিয়েছেন তিনি নিজেও। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির কালকাজি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বাবা এবং ছেলে দু’জনকেই উদ্ধার করে এমসে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা সঙ্কটজনক। পারিবারিক অশান্তির জেরে গত কয়েক মাস ধরে মান সিংহ এবং তাঁর স্ত্রী পূজা আলাদা থাকছিলেন। আলাদা হয়ে যাওয়ার পর পূজা দুই সন্তানকে নিয়ে কালকাজিতে ঠাকুমার বাড়িতে চলে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মান সিংহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মান সিংহ পূজার ঠাকুমার বাড়িতে আসার পর তাঁদের দু’জনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে আচমকাই দু’বছরের ছেলেকে কোলে তুলে নেন মান সিংহ এবং সোজা ব্যালকনির দিকে ছুটে যান। আভিযোগ, তার পরই রাগের বশে ছেলেকে ২১ ফুট উঁচু থেকে নীচে ছুড়ে ফেলে দেন। তার পর নিজেও ঝাঁপ মারেন।

ভারী কিছু পড়ার আওয়াজে পড়শিরা বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মান সিংহ এবং কিছুটা দূরে পড়ে ছিল দু’বছরের শিশুটি। সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেন তাঁরা। পুলিশ এসে মান সিংহ এবং তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পূজার ঠাকুমার অভিযোগ, মান সিংহ মত্ত অবস্থায় তাঁর বাড়িতে এসেছিলেন। মান সিংহের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

new delhi Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy