প্রথমে বাবাকে কেড়ে নেয় করোনা। আর ঠিক তার দু’দিন পরে মাথার উপর থেকে মায়ের আঁচলও সরে যায়। সুস্থ, স্বাভাবিক পরিবারে হঠাৎ করেই যেন মাথার উপর থেকে ছাদ সরে গিয়েছিল। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন দুই ভাইবোন। এই অবস্থায় তাঁদের মনের জোর দিতে এগিয়ে এল দিল্লি পুলিশ। ভরসা জুগিয়ে, কাউন্সেলিং করিয়ে তাঁদের নিকটাত্মীয়ের কাছে পাঠিয়েও দেন তাঁরা।
দিল্লি পুলিশের এ রকম মানবিক রূপের সাক্ষী থাকল দিল্লির সিআর পার্ক এলাকা। পুলিশ সূত্রে খবর, গত বুধবার সদ্য কৈশোর পেরনো ভাইবোনের বাবা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি ফরিদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মাকেও ভর্তি করানো হয় লাজপত নগরের একটি হাসপাতালে। গত শুক্রবার হাসপাতালে মায়েরও মৃত্যু হয়।
প্রায় একইসঙ্গে মা-বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন দু’জন। খবর পেয়ে তাঁদের কাছে পৌঁছে যায় দিল্লি পুলিশ। তাঁদের কাউন্সেলিং করায়। তার পর এক নিকটাত্মীয়ের কাছে পাঠিয়েও দেয়।