Advertisement
E-Paper

৬ শতাংশ বাড়িয়ে দেওয়া উড়ান-সংখ্যা ৫ শতাংশ কমিয়ে ‘শাস্তি’ দিল কেন্দ্র! ইন্ডিগো নিয়ে এ বার মুখ খুললেন প্রধানমন্ত্রী

গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগো-বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫০
DGCA cuts IndiGos flight schedules by 5 percent

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইন্ডিগোর উড়ান-সংখ্যা এক ধাক্কায় ৬ শতাংশ বাড়িয়ে দিয়েছিল কেন্দ্র। কিন্তু গত কয়েক দিনের বিপর্যয়ের পর এ বার ইন্ডিগোর উড়ান-সংখ্যা কমিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর উড়ান-সংখ্যায় কাটছাঁট করেছে। অন্য দিকে, বিপর্যয়ের দিন কয়েক পর ইন্ডিগো নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও নিয়ম বা আইন থাকা উচিত নয়, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।

গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগো-বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করে কেন্দ্র। দ্রুত পরিস্থিতি ঠিক করার নির্দেশ দেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু স্পষ্ট জানান, এই অব্যবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নির্দেশেই চার সদস্যের কমিটি ইন্ডিগো বিপর্যয়ের তদন্ত করছে। ইন্ডিগোকে শো কজ় নোটিস জারি করা হয়। সোমবার সেই নোটিসের জবাবও দেয় ইন্ডিগো।

বিমানমন্ত্রী নায়ডু সোমবারই আভাস দিয়েছিলেন ইন্ডিগোর পরিষেবা কাটছাঁটের বিষয়ে। তিনি জানিয়েছিলেন, ইন্ডিগোর শীতকালীন বিমানসূচি কমানো হবে। তাদের ‘স্লট’ অন্য বিমানসংস্থাকে দেওয়া হবে। তার পরেই মঙ্গলবার ডিজিসিএ ইন্ডিগোর পাঁচ শতাংশ পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে নতুন সূচি প্রকাশের কথাও জানায় কেন্দ্র।

ইন্ডিগো বর্তমানে প্রতি দিন ২,২০০টি উড়ান পরিচালনা করে। তবে কেন্দ্রের নির্দেশে তার ৫ শতাংশ কমানো হবে। অর্থাৎ প্রতি দিন ১১৫টি উড়ান কমবে ইন্ডিগোর। অতীতে ইন্ডিগোকে ৬ শতাংশ উড়ান পরিষেবা বাড়ানোর সুযোগ দিয়েছিল কেন্দ্র। সেখান থেকেই ৫ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই নির্দেশ আদৌ ‘শাস্তি’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন, কেন্দ্রের নির্দেশের পরেও ‘লাভজনক’ অবস্থাতেই থাকল ইন্ডিগো।

অন্য দিকে, ইন্ডিগো বিপর্যয় নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র বৈঠকে তিনি সাংসদদের বলেন, ‘‘এমন কোনও আইন বা নিয়ম থাকা উচিত নয়, যা সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভাবে কষ্ট দেয়। এটি হওয়া উচিত নয়। আইন জনগণের উপর বোঝা হওয়া উচিত নয়, বরং আইন বা নিয়ম সব সময় তাদের সুবিধার জন্য হওয়া উচিত।’’ লোকসভায় মঙ্গলবার ইন্ডিগো বিপর্যয় নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন নায়ডু। তিনি জানান, উড়ান বিপর্যয়ের কারণে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের টিকিটের ভাড়ার টাকা দেওয়ার কেন্দ্রের নির্দেশের কথা জানান নায়ডু। তিনি এ-ও উল্লেখ করেন, ইতিমধ্যে ৭৫০ কোটি টাকারও বেশি ভুক্তভোগী যাত্রীদের কাছে পৌঁছে গিয়েছে।

Indigo Flight Indigo Airlines dgca
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy