কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)-র প্রযুক্তিগত সমস্যার সমাধানে আইআইটি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। চলতি বছরের পরীক্ষার পরে পুনর্মূল্যায়ন পরিষেবা শুরু হওয়ার পর থেকে যে সমস্ত প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ উঠেছে, সেগুলি খতিয়ে দেখবে আইআইটির বিশেষজ্ঞ দল।
সিবিএসই-এর ফল প্রকাশের পরের পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই দল সিবিএসই-কে নিরবচ্ছিন্ন ও ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সাহায্য করবে।
আইআইটি-র বিশেষজ্ঞ দলটি প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়ন ও নিয়মগত কার্যপদ্ধতি আরও শক্তিশালী করার কাজ করবে। পাশাপাশি সিবিএসই-র পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কার্যকারিতাও পরীক্ষা করা হবে। এ ছাড়া সামগ্রিক আইটি পরিকাঠামোর সক্ষমতা খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তারা সহায়তা করবে, যাতে লগইন ব্যবস্থা, ব্যবহারকারীর প্রবেশাধিকার এবং টাকা দেওয়ার ব্যবস্থা সঠিক ভাবে কাজ করে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ছাত্রছাত্রীদের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই স্বচ্ছ, কার্যকর এবং ছাত্রবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে সিবিএসই-কে অগ্রাধিকারের ভিত্তিতে সব প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ করতে হবে।
এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ দিন সিবিএসই-এর টাকা দেওয়ার ব্যবস্থার উন্নয়নের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনা করেছেন। সিবিএসই-র ফল প্রকাশ ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার সময় ছাত্রছাত্রীদের যে প্রযুক্তিগত ও লেনদেন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে আজ দু’জনের কথা হয়েছে। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক এ কাজে সিবিএসই-কে সাহায্য করবে। পাশাপাশি পরীক্ষা পরবর্তী সার্ভিস পোর্টালের সঙ্গে প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয়ও করবে এই ব্যাঙ্কগুলি। শিক্ষা মন্ত্রকের বক্তব্য, এই ব্যাঙ্কগুলির সহায়তায় সিবিএসই আরও শক্তিশালী লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে পারবে, যাতে সময় মতো লেনদেন করা যায়, ত্রুটি কমে এবং অতিরিক্ত টাকা কাটা হলে স্বয়ংক্রিয় ভাবে তা ফেরতের ব্যবস্থা করা যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)