সফলতার জয়জয়কার হয় চতুর্দিকে। কিন্তু অসফলতাকে পাপ বলে মনে করা হয়, যাকে কেউ ক্ষমা করে না। এ কথা বলতে বলতেই নিজের কাহিনি শোনালেন এক ইউপিএসসি প্রত্যাশী।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দিল্লির মুখার্জি নগরের ঘটনা। শিবম দিবাকর নামে এক ইউটিউবার এই ইউপিএসসি প্রত্যাশীর সেই ভিডিয়ো শেয়ার করেছেন।
হরেন্দ্র পাণ্ডে। ইউপিএসসি প্রত্যাশী। তিনি গত ১১ বছর ধরে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন। পাঁচ বার পরীক্ষাও দিয়েছেন। ঘটনাচক্রে, তাঁর প্রেমিকাও একই সঙ্গে পরীক্ষায় বসেছিলেন। কিন্তু প্রেমিকা ইউপিএসসি পাশ করে এখন আইএএস আধিকারিক। হরেন্দ্র আজও আইএএস হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।
ইউটিউবার শিবমকে তিনি বলেন, “সফল হওয়ার পর দুনিয়া বদলে যায়। অসফলতা হল সেই পাপ, যেটিকে কেউ ক্ষমা করতে পারেন না।” বিহারের গোপালগঞ্জের বাসিন্দা হরেন্দ্র আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি ছুটে এসেছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, “১১ বছর থেকে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছি। পাঁচ বার পরীক্ষা দিয়েছি। চার বার ভাল ফল করেছি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। নির্বাচিত হইনি।” হরেন্দ্রর সঙ্গেই প্রস্তুতি শুরু করেছিলেন তাঁরই বহু পরিচিত এবং বন্ধু। এমনকি তাঁর প্রেমিকাও। তাঁরা এখন প্রত্যেকেই আইএএস। তাঁদের মধ্যে অনেকে আবার টপারও রয়েছেন।
হরেন্দ্রর কথায়, “আমার প্রেমিকাও পরীক্ষা দিয়ে এখন আইএএস। পরীক্ষায় পাশ করার পর থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক নেই।” তাঁর দাবি, স্কুলজীবনে টপার ছিলেন। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ২০১১ সালে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে আসেন। গত ১১ বছরে আইএএস হওয়ার তাগিদে ১০ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তিনি। কিন্তু সাফল্য আসেনি। নিজের অসফলতার কাহিনি ভগ্নহৃদয়ে ইউটিউবারকে শুনিয়েছেন হরেন্দ্র। যা এখন নেটমাধ্যমে ভাইরাল।