আমেরিকার ভার্জিনিয়ায় সুপারমার্কেটে এক গুজরাতি মহিলাকে গুলি করে খুন করল এক দুষ্কৃতী। মৃতার নাম মেঘনাবেন পটেল (৪৫)। তিনি ভার্জিনিয়ার এক সুপারমার্কেটে কাজ করতেন। গত ১০ বছর ধরে ভার্জিনিয়াতেই থাকছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মেহসানার বাসিন্দা মেঘনাবেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে সময় ঘটনাটি ঘটে সেই সময় সুপারমার্কেটে কোনও গ্রাহক ছিলেন না। কালো জ্যাকেট পরা এক দুষ্কৃতী মুখ ঢেকে সুপারমার্কেটে ঢোকে। ঢুকেই সে সোজা ক্যাশ কাউন্টারের দিকে চলে যায়। সেখানে ছিলেন মেঘনাবেন। দুষ্কৃতী যখন লুটপাট শুরু করে, তখন বাধা দেন মেঘনাবেন। বাধার মুখে পড়তেই ওই দুষ্কৃতী বন্দুক বার করে মেঘনাবেনকে খুব কাছ থেকে গুলি করে। তার পরই সুপারমার্কেট ছেড়ে পালিয়ে যায়।
সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশ ওই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার কাজ শুরু করেছে। মেঘনাবেনের দুই সন্তান রয়েছে। ইতিমধ্যেই গুজরাতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, সুপারমার্কেটে ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতী লুটপাটের চেষ্টা করে। কিন্তু মেঘনাবেন তাকে বাধা দেন। তখনই তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল মেঘনাবেনের। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।