Advertisement
E-Paper

পাঁচ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার কর্নাটকের বিজেপি বিধায়ক! ধৃত তাঁর দুই সহকারীও

পুলিশ সূত্রে খবর, বিধায়ককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮
অভিযুক্ত বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। ছবি: সংগৃহীত।

অভিযুক্ত বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। ছবি: সংগৃহীত।

পাঁচ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কর্নাটকের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। তিনি রাজ্যের শিরাহাট্টি কেন্দ্রের বিধায়ক। রাজ্যের লোকায়ুক্ত পুলিশ গ্রেফতার করেছে লামানিকে। অভিযোগ, মোট ১১ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, বিধায়ককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর গ্রেফতার করা হয়েছে। বিধায়কের দুই ব্যক্তিগত সহকারীকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সূত্রের খবর, গাদাগ জেলায় একটি সেচ প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন বিজয় পুজারী। তিনি গাদাগের প্রথম শ্রেণির ঠিকাদার। দুর্নীতিদমন শাখার দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিযোগ তুলেছেন, তাঁর কাছে ১১ লক্ষ টাকা দাবি করা হয়েছে এই প্রকল্প পাশ করানোর জন্য। লোকয়ুক্ত পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে। তার পরই বিধায়ককে ধরার জন্য ফাঁদ পাতে শনিবার। অভিযান চালানোর সময় লামানিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বিধায়ক লামানি ছাড়াও তাঁর দুই সহকারী মঞ্জুনাথ বাল্মীকি এবং গুরুনায়েককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, এই কাজে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন মঞ্জুনাথ এবং গুরুনায়েক।

লোকাযুক্ত পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বেশ কিছু প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Bribery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy