Advertisement
E-Paper

পরকীয়ার ‘অপরাধে’ বেঁধে মার! কর্নাটকে গণপিটুনিতে মৃত মহারাষ্ট্রের যুবক, গ্রেফতার প্রেমিকার আত্মীয়েরা

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিষ্ণু। মহারাষ্ট্রের নান্দেদ জেলার বাসিন্দা। কাজের সূত্রে তিনি থাকতেন কর্নাটকে। সেখানে এক যুবতীর সঙ্গে পরিচয় হয় বিষ্ণুর। পরস্পরের প্রেমে পড়েন তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৫:২৪
Beaten to death

—প্রতীকী চিত্র।

পরকীয়ায় জড়ানোর ‘অপরাধে’ মহারাষ্ট্রের এক যুবককে খুঁটিতে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ কর্নাটকে। মারের চোটে ২৭ বছরের ওই যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে শোরগোল কর্নাটকের বিদর জেলায়। অভিযুক্তদের বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিষ্ণু। মহারাষ্ট্রের নান্দেদ জেলার বাসিন্দা। কাজের সূত্রে তিনি থাকতেন কর্নাটকে। সেখানে এক যুবতীর সঙ্গে পরিচয় হয় বিষ্ণুর। পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। থাকতেন একসঙ্গেই। তার পরেই ওই ‘বিপত্তি।’

জানা গিয়েছে, শনিবার রাস্তায় বিষ্ণুকে পাকড়াও করেন প্রেমিকার বাড়ির লোকজন এবং কিছু স্থানীয় যুবক। তাঁকে বাঁধা হয় একটি খুঁটিতে। শুরু হয় বেধড়ক মার। মারতে মারতে খুন করা হয় বছর সাতেকের যুবককে। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, তারা যখন ঘটনাস্থলে পৌঁছোয়, তখন অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন বিষ্ণু। তাঁকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাক্রমে দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের মা লক্ষ্মী দেবী। তাঁর দাবি, পূজা নামে যে মহিলার সঙ্গে তাঁর পুত্রের সম্পর্ক ছিল, তিনি বিবাহিতা হলেও স্বামীর সঙ্গে থাকতেন না। তাঁর পুত্র এবং মহিলা ভাড়াবাড়িতে ছিলেন। হঠাৎ তাঁর ছেলের উপর আক্রমণ করেছেন ওই মহিলার পরিবারের সদস্যেরা। পুলিশ জানিয়েছে, পরকীয়া করছেন, এই অভিযোগ করে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে। ভারতীয় দণ্ডবিধির ১০৯, ১১৮(১), ৩৫২ এবং ১২৭ (২) ধারায় মামলা রুজু হয়েছে।

Beaten to death Karnataka Crime Extramarital Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy