ঝরনার পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলেন এক যুবক। আচমকা ঝরনার জলের তোড়ে পড়ে ভেসে গিয়ে মৃত্যু হল ওই যুবকের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। ঘটনাটি কর্নাটকের শিবমোগ্গার কাছে আরাশিনাগুন্ডি ঝরনাস্থলের। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বন্ধুর সঙ্গে ওই ঝরনা দেখতে গিয়েছিলেন যুবক। তার পরই রিলস বানানোর কথা ভাবেন তিনি। সেই মতো রিলস বানানোর জন্য ঝরনার পাশে একটি পাহাড়ি ঢিবিতে দাঁড়িয়েছিলেন যুবক। তাঁর পিছনে খানিকটা দূরে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলেন তাঁর বন্ধু। আচমকা ঝরনার জলের তোড়ে ওই ঢিবি থেকে পড়ে যান যুবক। তার পরই জলের তোড়ে ভেসে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
VIDEO | A man died in Karnataka's Udupi after falling into an overflowing waterfall. pic.twitter.com/gP1q1L6EG7
— Press Trust of India (@PTI_News) July 24, 2023
আরও পড়ুন:
রিলস বানাতে বা নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। গত নভেম্বরে কর্নাটকের বেলাগাভি জেলায় একটি ঝরনার কাছে নিজস্বী তোলার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল চার কিশোরীর। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে অজন্তার গুহা এবং ভিউপয়েন্টের মাঝখান দিয়ে বয়ে চলেছে সপ্তকুণ্ড জলপ্রপাত। নিজস্বী তুলতে গিয়ে পা পিছলে সেই জলপ্রপাতেই পড়ে যান এক যুবক। ওই যুবক সাঁতার কাটতে পারেন। তাই জলপ্রপাতের মধ্যে কোনও মতে সাঁতরে এক পারে গিয়ে একটি পাথর আঁকড়ে ধরেন তিনি। পরে তাঁকে উদ্ধার করা হয়।