Advertisement
E-Paper

তিন বিধানসভা নির্বাচনে মনোনয়নের সময়সীমা শেষ হল, ভোটগণনা ৪ মে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সঙ্গেই

অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। কেরলে বামজোট এবং অসম-পুদুচেরিতে এনডিএ ক্ষমতায় রয়েছে। তিন বিধানসভাতেই এক দফায় ভোট হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৮:২৬
Nomination filing deadline for Assembly Elections in Assam, Kerala and Puducherry ends

মনোনয়ন জমা দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: পিটিআই।

উত্তর-পূর্বাঞ্চলের অসম এবং দক্ষিণ ভারতের কেরল ও পুদুচেরিতে বিধানসভা ভোটের মনোনয়ন পেশের সময়সীমা শেষ হল সোমবার। আগামী ৯ এপ্রিল ওই তিন বিধানসভার ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে আগামী ৪ মে। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সঙ্গে।

অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। তিন বিধানসভাতেই এক দফায় ভোট হবে। কেরলে মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে ক্ষমতাসীন বামজোট এলডিএফের। অসমে ক্ষমতাসীন বিজেপি-অসম গণ পরিষদ জোটের মোকাবিলায় এ বার কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), প্রাক্তন আসু (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন) নেতাদের দল ‘অসম জাতীয় পরিষদ’, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডারস কনফারেন্স’ এবং সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের রাইজর দল শামিল হয়েছে।

অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট। তাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-ডিএমকে জোট। পরের দফায় ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনের সবক’টিতে এবং পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের ১৫২টিতে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। গত ১৬ মার্চ নির্বাচন কমিশন পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গে গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচনেরও নির্ঘণ্ট ঘোষণা করেছিল। এর মধ্যে গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। সেগুলির মনোনয়নও শেষ হয়েছে সোমবার। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।

Assembly Elections Assam Puducherry Assembly Election Assam Assembly Elections Kerala Assembly Election Kerala Puducherry Himanta Biswa Sarma Pinarayi Vijayan UDF LDF Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy