E-Paper

জ়েড-প্লাস সুরক্ষা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ

উভয় পক্ষের বক্তব্য শোনার পরে হাই কোর্ট জানিয়েছে, আবেদনকারী শুধু সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তড়িঘড়ি আদালতে হাজির হয়েছেন এবং প্রাসঙ্গিক জনস্বার্থ মামলা সংক্রান্ত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় গবেষণা করেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৯:৩২

—প্রতীকী চিত্র।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং তার প্রধান মোহন ভাগবত-সহ শীর্ষ নেতারা কেন জ়েড-প্লাস নিরাপত্তা পাবেন, তা নিয়ে বোম্বে হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। ওই হাই কোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি অনিল এস কিলোরের ডিভিশন বেঞ্চ বলেছে, এই জনস্বার্থ মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত আবেদন’ এবং আইনিপ্রক্রিয়ার অপব্যবহার।

কিশোরীলাল সিংহ নামে এক ব্যক্তি ওই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। আদালতে তাঁর আইনজীবী এ আর ইঙ্গোলে ২০২৩ সালের ভারত সরকার বনাম বিকাশ সাহা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে যুক্তি দেন, যে কোনও ব্যক্তিকে জ়েড-প্লাস নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রতি যুক্তিসঙ্গত সুরক্ষা সংক্রান্ত হুমকির ভিত্তি থাকা আবশ্যক। আবেদনে আরও দাবি করা হয়, আরএসএসের মতো একটি সংগঠনকে জ়েড-প্লাস নিরাপত্তা দেওয়ার জন্য যে ব্যয় হয়, তাতে জনসাধারণের অর্থ অপচয় করা উচিত নয়। সেই টাকা মোহন ভাগবতের কাছ থেকে আদায় করা উচিত। রাজ্য সরকারের আইনজীবী দেবেন্দ্র ভি চৌহান এই জনস্বার্থ মামলার বিরোধিতা করেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পরে হাই কোর্ট জানিয়েছে, আবেদনকারী শুধু সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তড়িঘড়ি আদালতে হাজির হয়েছেন এবং প্রাসঙ্গিক জনস্বার্থ মামলা সংক্রান্ত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় গবেষণা করেননি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘‘এই রিট আবেদনটিতে আমরা কোনও জনস্বার্থ খুঁজে পাইনি। স্পষ্টতই, এই আবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত আবেদন এবং এটি আইনি প্রক্রিয়ার অপব্যবহার।’’ এর পরে মামলাটি খারিজ করে দেয় বোম্বে হাই কোর্ট। সংবাদ সংস্থা

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PIL Bombay High Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy