Advertisement
E-Paper

চলন্ত ট্রাকের দড়ি আটকে গেল গলায়, বাইক থেকে ছিটকে পড়েও প্রাণে বেঁচে গেলেন যুবক!

ট্রাকের সঙ্গে বাঁধা একটি দড়ি আটকে গেল বাইকআরোহী যুবকের গলায়। ছিটকে মুখ থুবড়ে পড়লেন ওই যুবক। ট্রাকটি অবশ্য তখন অনেকটাই এগিয়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান ওই যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১২:৫৯
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া দুর্ঘটনার ছবি।

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া দুর্ঘটনার ছবি। ছবি সংগৃহীত।

ব্যস্ত রাস্তায় দ্রুতবেগে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন যুবক। সে সময়ই উল্টোদিক থেকে ছুটে আসছিল মালবাহী ট্রাক। তারপর যা ঘটল, তা কল্পনা করতে পারেননি কেউই। ট্রাকের সঙ্গে বাঁধা একটি দড়ি আটকে গেল বাইকআরোহী যুবকের গলায়। ছিটকে মুখ থুবড়ে পড়লেন ওই যুবক। ট্রাকটি অবশ্য তখন অনেকটাই এগিয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থুতুকুড়ি জেলার শ্রীবাইকুন্তম শহরে। শহরের ব্যস্ত রাস্তায় এরাল অঞ্চল দিয়ে যখন ওই যুবক বাইক চালিয়ে যাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে যায়। অবশ্য যুবকের আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের কোনও কোনও জায়গায় কেটেছিঁড়ে গেলেও ওই যুবক এখন ভাল আছেন। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি গিয়ে ওই যুবককে উদ্ধার করে তাঁর চোখে মুখে জল দেন। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম মুঠু। তিনি প্রতিদিনের মতোই বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসছিল সারের বস্তাবোঝাই ট্রাকটি। বস্তাগুলিকে বেঁধে রাখার জন্যই ট্রাকের গায়ে দড়ি লাগানো ছিল। সেই দড়িই মুথুর গলায় আটকে যায়। সিসিটিভি ক্যা‌মেরায় ধরা পড়েছে দুর্ঘটনার চিত্র। যদিও আনন্দবাজার অনলাইন এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।

Road Accident Chennai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy