Advertisement
E-Paper

দুর্ঘটনায় মৃত্যু হল উত্তরপ্রদেশের স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’র! গরু পাচার সন্দেহে তাড়া করার সময় পিষে দেয় ট্রাক

পুলিশ জানিয়েছে, নিজেকে গোরক্ষক বলে দাবি করতেন চন্দ্রশেখর। মথুরায় তিনি ‘ফরসাওয়ালে বাবা’ নামেই বেশি পরিচিত। শুক্রবার রাতে খবর পান, একটি ট্রাকে করে গরু পাচার করা হচ্ছে কোসি এলাকা দিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৩:৩১
স্বঘোষিত গোরক্ষক ‘ফর্সাওয়ালে বাবা’। ছবি: সংগৃহীত।

স্বঘোষিত গোরক্ষক ‘ফর্সাওয়ালে বাবা’। ছবি: সংগৃহীত।

গরু পাচার করা হচ্ছে, এ সন্দেহে একটি ট্রাকের পিছনে বাইক নিয়ে ধাওয়া করতে গিয়ে সেই ট্রাকের নীচেই চাপা পড়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের মথুরার স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’ ওরফে চন্দ্রশেখরের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিজেকে গোরক্ষক বলে দাবি করতেন চন্দ্রশেখর। মথুরায় তিনি ‘ফরসাওয়ালে বাবা’ নামেই বেশি পরিচিত। শুক্রবার রাতে খবর পান, একটি ট্রাকে করে গরু পাচার করা হচ্ছে কোসি এলাকা দিয়ে। তাই আগেভাগেই সেখানে দলবল নিয়ে হাজির হয়ে নজরদারি চালাচ্ছিলেন চন্দ্রশেখর। সেই সময় একটি ট্রাককে দেখে সন্দেহ হয় তাঁর। ট্রাকটি দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ায় বাইক নিয়ে সেটির পিছু ধাওয়া করেন চন্দ্রশেখর।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ট্রাকচালক ইচ্ছাকৃত ভাবে চন্দ্রশেখরকে ধাক্কা মারেন। তার পর পালিয়ে যান। চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোরক্ষক চন্দ্রশেখরের। পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তন জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যে ট্রাকের পিছনে চন্দ্রশেখর ধাওয়া করেছিলেন, তাতে করে গরু পাচার করা হচ্ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরে কোসি এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়েরা চন্দ্রশেখরের মৃত্যুতে বিক্ষোভ দেখান। শনিবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Uttar Pradesh Mathura
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy