তাজমহলের সামনে সস্ত্রীক ছবি, জয়পুরের আমের দুর্গেও তাই। চাণক্যপুরীতে আমেরিকার দূতাবাসে স্পিকার ফোনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীকে ভালবাসার নাটকীয় ও সশব্দ প্রকাশ। আর বিরল খনিজ নিয়ে একটি চুক্তি যা ‘কোয়াড’ এবং ‘প্যাক্স সিলিকা’রও অংশ। সার সংক্ষেপে এটাই আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর বহু চর্চিত চার দিনের ভারত সফর।
কূটনৈতিক মহলে প্রশ্ন, গত এক বছরে আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে কতটা স্পর্শকাতরতা দেখালেন রুবিয়ো? হঠাৎ বিপুল শুল্ক ভারতীয় পণ্যের উপর চাপিয়ে দেওয়া, ভিসা নিয়ে উদ্বেগ, অভিবাসন নীতি, ভারতের জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা, চিন এবং পাকিস্তান সম্পর্কে আমেরিকার নীতির পরিবর্তন— ট্রাম্প প্রশাসনকে ঘিরে নয়াদিল্লির উদ্বেগ বহুমুখী। এ ছাড়াও রয়েছে ভারত সম্পর্কে ট্রাম্প এবং তাঁর সতীর্থদের কুমন্তব্য।
কূটনৈতিক শিবিরের বক্তব্য, আমেরিকার ইরান আক্রমণের জেরে জ্বালানি-অনিশ্চয়তা তৈরি হলেও মোদী সরকার আমেরিকাকে তার পদক্ষেপের জন্য প্রকাশ্যে সমালোচনা করেনি। তাই আশা করা হয়েছিল, রুবিয়োর সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম খারাপ এই পর্যায়ের (যা ওয়াশিংটনের একতরফা পদক্ষেপের কারণেই গড়ে উঠেছে) কিছুটা মেরামতি হবে। অথচ ভারতকে ‘নরককুণ্ড’ হিসেবে উল্লেখ করা পোস্টকে ট্রাম্পের সমর্থন সম্পর্কে প্রশ্ন করা হলে, এড়িয়ে গিয়েছেন রুবিয়ো। অন্য দিকে, প্রোটোকলের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানিয়েছেন, গোটা সপ্তাহান্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাটিয়েছেন রুবিয়োর সঙ্গে বৈঠকে। রবিবার রুবিয়োর জন্মদিনে এবং আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় জয়শঙ্করকে।
তা হলে বিরল খনিজ সংক্রান্ত চুক্তি ছাড়া নয়াদিল্লির হাতে কী রইল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। ট্রাম্পের অভিবাসন নীতি, পাকিস্তানের সঙ্গে সখ্য, আমেরিকার পক্ষ থেকে আসা কুমন্তব্য— কোনওটাকেই স্বীকার করেননি রুবিয়ো। হয় এড়িয়ে গিয়েছেন নয়তো ‘ভারতের বিরুদ্ধে নয়’ বলে কূটনৈতিক মোড়ক দিয়েছেন। আগামী মাসের মাঝামাঝি জি-৭ গোষ্ঠীর বৈঠকে আমন্ত্রিত ভারত, সেখানে প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের মুখোমুখি কথার পরিকল্পনা হচ্ছে। রুবিয়োর বৈঠকের পর সে দিকেই তাকিয়ে বিদেশ মন্ত্রক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)