E-Paper

গোড়াতেই ব্যবধান ১২০ আসনের, পাল্টা ভাষ্য তৃণমূলের

তৃণমূলের এ হেন হিসাবের ভিত্তি, নির্বাচন কমিশনের দেওয়া গত বিধানসভার ভোট পরিসংখ্যান।

অগ্নি রায়

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:২৭
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওয়া তুলেছেন, এসআইআর-এর জেরে ৯১ লাখ ভোটার বাদ পড়ার পর তৃণমূলের লড়াই শেষ হয়ে গিয়েছে। চব্বিশের লোকসভা ভোটের হিসাব টেনে তাঁর বক্তব্য, তৃণমূল এবং বিজেপি-র মধ্যে ব্যবধান ছিল ৪২ লক্ষ ভোটের। এসআইআর-এর পর সেই ব্যবধান ঘুচে লড়াই কার্যত শেষহয়ে গিয়েছে।

আজ তৃণমূলের পাল্টা বয়ান, এ দেশে কে কত আসন পেল তার উপরই ফলাফল নির্ধারিত হয়, মোট ভোটপ্রাপ্তির উপর নয়। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, “বিজেপি কৃত্রিম ভাবে পাখা চালিয়ে হাওয়া তৈরি করতে চাইছে।” তাঁর কথায়, “চব্বিশের লোকসভায় বিজেপি হুঙ্কার দিয়েছিল ৪০০ পার করার। ঠেকেছিল ২৪০-এ। একুশের পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি দু’শোর দাবি করে পায় ৭৭টি আসন। ফলে বিজেপি-র দাবির সংখ্যাকে অতীতের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখলেই বাস্তব বোঝা যাবে।”

একুশের বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের পরিসংখ্যান থেকে যে হিসাব সামনে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার ভিত্তিতে তাদের দাবি, ১৩৯টি আসনে তাদের জয়কে এসআইআর-এর ৯১ লক্ষ ভোটার বাদ পড়ার ঘটনা প্রভাবিত করতে পারবে না। একই যুক্তিতে বিজেপি-রও ২৪টি আসন অক্ষত থাকবে। ফলে দু’টি দলের মধ্যে প্রায় ১২০টি আসনের ব্যবধান গোড়াতেই হয়ে যাচ্ছে বলে তাদের দাবি।

তৃণমূলের এ হেন হিসাবের ভিত্তি, নির্বাচন কমিশনের দেওয়া গত বিধানসভার ভোট পরিসংখ্যান। গড়ে একটি বিধানসভা আসনে ২ লাখ ২০ হাজারকে ১০০ শতাংশ ধরে অঙ্কটি কষা হয়েছে। ২০২১ সালে তৃণমূল বিজেপির থেকে ১৫ শতাংশ বিন্দু বা তার বেশি ভোটে জিতেছে ৯৪টি আসনে। আর বিজেপি তৃণমূলের থেকে পনেরো শতাংশ বিন্দু বা তার বেশি ভোটে জিতেছে মাত্র ৮টি আসনে। একই ভাবে তৃণমূল বিজেপি-র তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বিন্দু ভোট পেয়ে জিতেছে ৪৫টি আসনে। বিজেপি তৃণমূলের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বিন্দু ভোট পেয়ে জিতেছে ১৫টি আসনে। অর্থাৎ ৯৪টি আসনে তৃণমূল প্রার্থী জিতেছেন ৪০ হাজারেরও বেশি ভোটে। ৪৫টি আসনে তাঁদের এই জয় এসেছে ৩৫ হাজারেরও বেশি ভোটে। তৃণমূলের এক শীর্ষ নেতার দাবি, “তৃণমূল বিরোধী বা মমতাবিরোধী খুব বড় তরঙ্গ থাকলে আলাদা কথা। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে এই ১৩৯টি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান এতটাই বেশি যে এসআইআর-এ নাম বাদ যাওয়া এই আসনগুলির ফল রাতারাতি উল্টে দিতে পারবে না।”

যদিও বাস্তব বলছে, আসনভিত্তিক এসআইআর-এ বাদ পড়ার হিসাব করলে, অনেক ক্ষেত্রেই ব্যবধান কমতে পারে। ফলে ভোটের ময়দানে জোরদার লড়াই হলে পুরনো হিসাব টিকতে না-ও পারে।

চব্বিশের লোকসভা ভোটের হিসাবও তুলে ধরেছে তৃণমূল। সেই ভোটে মোদী নিজে ছিলেন প্রার্থী। তৃণমূলের দাবি, সেখানেও বিধানসভা কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে ৫ শতাংশ বিন্দু থেকে ১৫ শতাংশ বিন্দুর ব্যবধান রয়েছে এমন ১৪৬টি আসনে তৃণমূল এগিয়ে। বিজেপি ৬৪টিতে। তৃণমূলের দাবি, অল্প ব্যবধানে জয়-পরাজয় হয়েছে এমন বাকি আসনগুলির ৬০ বা ৭০ শতাংশেও যদি বিজেপি জেতে, তা হলেও ১০০ আসনে পৌঁছতে পারবে না। এই প্রসঙ্গে তৃণমূলের এক শীর্ষ নেতার বক্তব্য, এসআইআর করা না হলে তৃণমূল পেত ২৩৫টির মতো আসন, আর বাকি বিজেপি অর্থাৎ ৬০-এর কাছাকাছি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy