নিজের জ্যোতিষীকে প্রশাসনিক পদে বসালেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তলপতি বিজয়। ওই জ্যোতিষীর নাম রাধন পন্ডিত ভেটরিভেল। তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি বা ওএসডি পদে নিযুক্ত করেছেন বিজয়। রাধন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়টি দেখবেন।
প্রথমে স্থির হয়েছিল রবিবার বিকেল পৌনে ৪টের সময় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিজয়। কিন্তু ওই জ্যোতিষীর পরামর্শে শপথগ্রহণের সময় বদলে দেওয়া হয়। রবিবার সকাল ১০টায় শপথ নেন বিজয়। বিজয়ের দল টিভিকে সূত্রে খবর, রাধন জানিয়েছিলেন যে, সকাল ১০টায় ‘পবিত্র মুহূর্তে’ শপথ নিলে ভাগ্য সুপ্রসন্ন হবে বিজয়ের। জ্যোতিষীর পরামর্শ অক্ষরে অক্ষরে মেনেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
ভোটের আগে একটি সমীক্ষক সংস্থা ছাড়া আর কেউই বিজয়কে এগিয়ে রাখেনি। তবে অনেককে বিস্মিত করে ওই জ্যোতিষী ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন যে, বিজয়ের দলই জয়ী হতে চলেছে। টিভিকে-র জয় নিশ্চিত হওয়ার পর যে কয়েক জন সবচেয়ে আগে বিজয়কে শুভেচ্ছা জানান, রাধন তাঁদের মধ্যে অন্যতম। জ্যোতিষ হিসাবে রাধনের বিশেষ খ্যাতি রয়েছে তামিলনাড়ুতে। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী অনেক সময়েই মিলে গিয়েছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এডিএমকে নেত্রী জয়ললিতাও রাধনের গণনার উপর ভরসা রাখতেন।
সেই রাধনই এ বার তামিলনাড়ু সরকারের অন্যতম আধিকারিক হিসাবে নিযুক্ত হলেন। অনেকেই মনে করছেন, এ বার প্রতিটি প্রশাসনিক পদক্ষেপের আগে রাধনের পরামর্শ নিতে পারবেন বিজয়। কেউ কেউ আবার লঘু চালে বলছেন, “বিজয়ের ভাগ্য বদল কতটা হবে জানা নেই, রাধনের ভাগ্য মঙ্গলবারের পর বদলে গেল।”