E-Paper

খড়্গের ঘরে বিরোধী বৈঠকে যোগ তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সংসদে কংগ্রেসের থেকে দূরত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে খড়্গের বৈঠকে তৃণমূলের লোকসভার উপদলনেত্রী শতাব্দী রায় যোগ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১

—প্রতীকী চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্ট নিয়ে তৃণমূলের সংসদীয় দলের নেতাদের অন্যান্য দলের সঙ্গে দৌত্য শুরুর নির্দেশ দিয়েছেন। অন্য দিকে, লোকসভায় রাষ্ট্রপতি ভাষণ নিয়ে বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে না-দেওয়ায় গোটা বিরোধী শিবির এককাট্টা। এই পরিস্থিতিতে আজ তৃণমূল ফের সংসদে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের দফতরে বিরোধীদের বৈঠকে যোগ দিল। বিরোধীদের সংসদীয় রণনীতি নিয়ে বৈঠকে রাহুলও হাজির ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সংসদে কংগ্রেসের থেকে দূরত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আজ খড়্গের বৈঠকে তৃণমূলের লোকসভার উপদলনেত্রী শতাব্দী রায় যোগ দিয়েছেন।

রাহুলকে লোকসভায় বলতে না-দেওয়ায় কংগ্রেস সংসদ অচল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বলতে দেয়নি। ফলে এ নিয়ে লোকসভায় কার্যত কোনও আলোচনাই হয়নি। কিন্তু শতাব্দী কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন, তাঁরা বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শতাব্দী লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেও তৃণমূলের অবস্থান জানিয়ে এসেছেন। প্রসঙ্গত, তৃণমূলের হয়ে অভিষেক লোকসভায় বাজেট বিতর্কে অংশ নেবেন। আজ হাঙ্গামার জেরে বাজেট নিয়ে আলোচনা ভেস্তে গেলেও রাহুল শতাব্দীকে জানিয়েছেন, শুক্রবার কংগ্রেস হট্টগোল করলেও সোমবার থেকে বাজেট নিয়ে আলোচনা হবে। তবে রাহুলরা সেখানে ফের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নরবণের বইয়ের প্রসঙ্গ তুলবেন বলে ইঙ্গিত মিলেছে। যে বইয়ে পূর্ব লাদাখে চিনের সেনা ঢুকে পড়লেও নরেন্দ্র মোদীর সিদ্ধান্তহীনতার কথা রয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। এর পাশাপাশি, জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়েও বিরোধীদের মধ্যে দৌত্য চলছে। তৃণমূল সূত্রের খবর, পাঁচটি বিরোধী দল ইতিমধ্যেই এই প্রস্তাবে যোগ দেওয়ার বিষয়েসম্মতি জানিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mallikarjun Kharge Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy